২৪ ঘণ্টার ব্যবধানে দেশের বাজারে কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এতে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।

আজ সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন দাম সকাল ১০টা থেকেই কার্যকর হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বরাবরের মতোই বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি স্বর্ণের মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে।

এর আগে গতকাল বাজুসের বৈঠকে ভরিপ্রতি ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা ভ্যাটসহ ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা, যা ছিল আগের তুলনায় ৯ হাজার ৮৫৬ টাকা বেশি।

সর্বশেষ দাম অনুযায়ী, দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের দাম পড়বে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা। এছাড়া ২১ ক্যারেট ২ লাখ ১৯ হাজার ৩৪২ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮৮ হাজার ৩৭৪ এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

চলতি বছর এ নিয়ে ৯৯ বার দেশের বাজারে সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। দাম বাড়ানো হয়েছে ৪৮বার, আর কমেছে ৫০ বার এবং ১ দফা ভ্যাট সমন্বয় করা হয়েছে। গত বছর স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল ৯৩ বার। তখন ৬৪ বার দাম বাড়ানো এবং ২৯ বার কমানো হয়েছিল।

স্বর্ণের কমলেও রৌপ্যের দাম অপরিবর্তিত হয়েছে। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রৌপ্যের দাম ৪ হাজার ৮৯৯ টাকা। এছাড়া ২১ ক্যারেট রৌপ্যের দাম ৪ হাজার ৬৬৬ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৪ ও সনাতন পদ্ধতির প্রতি ভরি রৌপ্যের দাম ৩ হাজার ৩৩ টাকা।