বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর ইউনিয়নে দুই মেম্বার প্রার্থীর বিরোধের জেরে জাকির হোসেন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ বুধবার পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে রামেশ্বরপুরের জাইগুলি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ চলাকালে এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
গাবতলী থানা পুলিশ জানিয়েছে, নিহত জাকির উপজেলার জাইগুলি উত্তরপাড়া গ্রামের মৃত লয়া মিয়ার পুত্র। তিনি পেশায় রঙ মিস্ত্রি ছিলেন। নির্বাচনে তিনি মেম্বার প্রার্থী সাইদুল ইসলামের (টিউবওয়েল প্রতীক) সমর্থক হিসেবে কাজ করছিলেন।
স্থানীয়রা জানান, ভোট কেন্দ্রের বাইরে ভোটারদেরকে উৎসাহিত করার কাজ করছিলেন সাইদুল ইসলামের টিউবওয়েল প্রতীকের কর্মী-সমর্থকরা। এ সময় সেখানে আরেক মেম্বার প্রার্থী মিঠু মিয়ার (ফুটবল প্রতীক) কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হলে জাকিরকে প্রতিপক্ষের লোকজন ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বিকেলে জাকিরের মৃত্যু হয়।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। মেম্বার প্রার্থীদের মধ্যে বিরোধের জের ধরে ভোট কেন্দ্রের বাইরে এ খুনের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বগুড়ায় দুই মেম্বার প্রার্থীর বিরোধে ১ জন নিহত










