ভারত থেকে ডিম আমদানির খবরে একদিনের ব্যবধানেই হিলিতে এক টাকা করে কমেছে ডিমের দাম। গতকাল স্থানীয় বাজারে প্রতি পাতা বা ৩০ পিস ডিম ৩৬০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা কমে ৩৩০ টাকায় বিক্রি হচ্ছে। ডিমের দাম কমায় কিছুটা স্বস্তি ফিরেছে ভোক্তাদের মাঝে।
হিলি বাজারে ডিম কিনতে আব্দুর রাজ্জাক জানান, কয়েকদিনের ব্যবধানে প্রতিটি ডিমের দাম ১২ টাকা হয়ে যায়। যা কিছুদিন আগেও ৯টাকা করে বিক্রি হয়েছিল। তবে আজ ডিমের দাম গতকালকের চেয়ে একটু কমেছে আজ প্রতি পিস ডিম ১১টাকা করে বিক্রি হচ্ছে। তবে ডিমের দাম আরো কমানোর দাবি জানান তিনি।
হিলি বাজারের ডিম বিক্রেতা শরিফুল ইসলাম জানান, দুই এক দিন আগে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী প্রয়োজনে ভারত থেকে ডিম আমদানির কথা জানিয়েছিল। এ খবরে মোকামে ডিমের সরবরাহ আগের তুলনায় বাড়ায় ডিমের দাম কিছুটা কমেছে। যার কারণে আমরাও কম দামে কিনতে পারছি, তেমনি বাজারে কম দামে বিক্রি করছি। আজ পাতা প্রতি ৩০ টাকা করে দাম কমেছে। আগামীকাল আরো কিছুটা কমে ৩১০ থেকে ৩২০ টাকায় নামবে বলে জানান তিনি।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ আলম বলেন, দ্রব্যমুল্যের ঊর্ধ্বমুখী রুখতে নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত করছি। যা আগামী দিনেও অব্যাহত থাকবে। অধিকমূল্যে কোনো ধরনের পণ্য বিক্রি করাকে আমরা কখনোই প্রশ্রয় দিব না। ভোক্তাদের অধিকার রক্ষায় সবসময় আমাদের আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে।










