বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ অক্সফোর্ড ইউনিভার্সিটির উপাচার্য আইরিন ট্রেসিসহ সাতজনকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ)।

শনিবার (১০ জানুয়ারি) চট্টগ্রাম নগরের র‍্যাডিসন ব্লু চট্টগ্রাম বে ভিউ-এর মেজবান হলে আয়োজিত বিশ্ববিদ্যালয়টির ১২তম সমাবর্তন অনুষ্ঠানে এ সম্মানসূচক ডিগ্রি প্রদান করা হয়। অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন আইরিন ট্রেসি। এ সময় বিশ্ববিদ্যালয়টির ২৫৩ শিক্ষার্থীকে সনদ প্রদান করা হয়।

সাতজনের মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আইরিন ট্রেসিকে ডক্টর অব সায়েন্স অ্যান্ড দ্য অ্যাডভান্সমেন্ট অব হিউম্যানকাইন্ড, টোকিও বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট তেরু ফুজিকে ডক্টর অব সায়েন্স, জাপানের সাবেক ফার্স্ট লেডি আকিয়ে আবেকে ডক্টর অব হিউম্যান লেটারস, যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য জ্যানেট রয়্যালকে ডক্টর অব আর্টস ফর লিডারশিপ অ্যান্ড এডুকেশনাল ইকুইটি, বাংলাদেশের সাবেক শিক্ষামন্ত্রী এম ওসমান ফারুককে ডক্টর অব সায়েন্স ইন এডুকেশনাল ডেভেলপমেন্ট, ঢাকায় নিযুক্ত জাপানের সাবেক রাষ্ট্রদূত ইতো নাওকিকে ডক্টর অব আর্টস ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব পিস এবং প্রথম আলো সম্পাদক ও প্রকাশক মতিউর রহমানকে ডক্টর অব ক্রিয়েটিভ, রেসপনসিবল অ্যান্ড কারেজিয়াস জার্নালিজম ডিগ্রি দেয়া হয়।

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের আচার্য শেরি ব্লেয়ার বলেন, আমরা এমন এক সময় পার করছি, যা নিঃসন্দেহে কঠিন। রাষ্ট্রের ভেতরে এবং রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সংঘাত চলছে। এর মধ্যে কিছু খবরের শিরোনামে আসে, কিছু নীরবে মানুষের জীবন তছনছ করে দেয়। এ সংকটগুলোর মানবিক পরিণতির মোকাবেলায় নিজের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে পাশে থাকতে হবে।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে কর্মজগৎ দ্রুত বদলে যাবে হয়তো এমন সব পথে, যা আমরা এখনো কল্পনাও করতে পারছি না। কিন্তু এখানে তোমরা যে শিক্ষা পেয়েছ, তা কেবল কারিগরি দক্ষতায় সীমাবদ্ধ নয়। এ শিক্ষা তোমাদের চিন্তাশীল নেতা, দায়িত্বশীল পরিবর্তন-স্রষ্টা হিসেবে গড়ে তুলবে।

এইউডব্লিউর উপাচার্য রুবানা হক বলেন, আজকের গ্র্যাজুয়েটদের মধ্যে ৫১ জন এসেছে আফগানিস্তান থেকে। এটি এমন একটি দেশ, যেখানে এ মুহূর্তে নারীদের শিক্ষায় কার্যত কোনো অগ্রগতি নেই। আমরা আশা করি, একদিন তারা নিজ দেশে ফিরে গিয়ে নিজেদের জাতির নেতৃত্ব দেবে। ৯ শিক্ষার্থী এসেছে রোহিঙ্গা শিবির থেকে—এটিও এমন একটি জায়গা, যেখানে প্রয়োজন আর বঞ্চনার মাঝখানে একটি নির্মম রেখা টানা। আজ ডিগ্রি নিচ্ছে সাতজন পোশাক কারখানার কর্মী। এ শিক্ষার্থীরা এক সময় ভেবেছিল, তাদের জীবন কেবল সেলাই মেশিনেই সীমাবদ্ধ থাকবে।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কামাল আহমেদ বলেন, অন্য এক পৃথিবীর স্বপ্ন দেখার অধিকার তোমাদের আছে। যে ঝুঁকিই নাও, আমরা তোমাদের পাশে থাকব। তোমরা আমাদের কন্যা।

এইউডব্লিউর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কথা জানিয়ে টোকিও বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট তেরু ফুজি বলেন, অসাধারণ এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। এইউডব্লিউ ও টোকিও বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ অংশীদারত্ব ভবিষ্যতে আরো শক্তিশালী হবে।

২০০৮ সাল থেকে এইউডব্লিউর সঙ্গে যুক্ত আছেন জাপানের সাবেক ফার্স্ট লেডি আকিয়ে আবে। তিনি বলেন, এইউডব্লিউর শিক্ষার্থীদের কাছ থেকে বিশ্ব অনেক প্রত্যাশা করবে।

যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য জ্যানেট রয়্যাল বলেন, শিক্ষা এমন এক শক্তি, যার মাধ্যমে সত্যিকার অর্থেই পৃথিবীতে পরিবর্তন আনা সম্ভব। বিভাজনে ভরা এ সময়ে শিক্ষা হতে পারে সেই সেতু, যা সমাজের ক্রমবর্ধমান দূরত্বগুলোকে কাছাকাছি আনে।

সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক বলেন, এ বিশ্ববিদ্যালয় যখন চালু হয়েছিল, তখন অনেকেই প্রশ্ন করেছিলেন, শুধু নারীদের জন্য আলাদা একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কেন প্রয়োজন? আমার উত্তর ছিল খুব সহজ, এ বিশ্ববিদ্যালয় পুরোপুরি চালু হলে, তখনই আপনারা এর ফলাফল দেখতে পাবেন।

সাবেক রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, বাংলাদেশে দায়িত্ব পালনের সময় আমার কাজ মূলত তিনটি বিষয়ে কেন্দ্রীভূত ছিল—অর্থনৈতিক উন্নয়ন, রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা জোরদার, নারীদের জন্য শিক্ষা ও জীবিকাভিত্তিক সুযোগ তৈরি করা এবং বাংলাদেশে গণতান্ত্রিক উন্নয়নের গুরুত্ব। এ সময় তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান বলেন, বাংলাদেশে সাংবাদিকতা কখনোই সহজ ছিল না। এখানে গণতন্ত্র বারবার অস্থিরতা, পশ্চাদপসরণ এবং কর্তৃত্ববাদী শাসনের ছায়ার মধ্য দিয়ে এগিয়েছে। এমন সময়ে সাংবাদিকতা হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ, কখনো বিপজ্জনকও। তিনি বলেন, আমি এ সম্মান শুধু নিজের জন্য গ্রহণ করছি না; গ্রহণ করছি বাংলাদেশের সেই সব সাংবাদিকের পক্ষ থেকে, যারা প্রতিদিন সত্যের সন্ধানে কাজ করে যান—প্রায়ই ব্যক্তিগত ঝুঁকি নিয়ে।

সমাবর্তন অনুষ্ঠানের শেষ পর্বে বিভিন্ন দেশ থেকে আসা শিক্ষার্থীরা তাদের সাংস্কৃতিক ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করেন। শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন।