রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুজন শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার এবং একজনের প্রমোশন চার বছরের জন্য স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫১৪তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও আইন বিভাগের সহযোগী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর।
তিনি বণিক বার্তাকে বলেন, ৫১৪তম সিন্ডিকেট সভায় দুজন শিক্ষককে স্থায়ীভাবে বহিষ্কার ও একজন শিক্ষককের পদোন্নতি চার বছরের জন্য স্থগিত করা হয়েছে। স্থায়ীভাবে বহিষ্কার হওয়া দুজন হলেন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উম্মে হাবিবা জেসমিন। তার বিরুদ্ধে বিধিবহির্ভূতভাবে কর্মস্থলে অনুপস্থিত ও অনুমতি না নিয়ে ছুটিতে থাকা এবং ছাড়পত্র না নিয়ে বিদেশে অবস্থানের অভিযোগ আনা হয়েছে। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে স্থায়ীভাবে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বরখাস্তকৃত অন্যজন হলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. সালমা সুলতানা। তার বিরুদ্ধে সুপারভাইজার ও ডাক্তারের স্বাক্ষর জালিয়াতি করে হাইকোর্ট থেকে মাতৃত্বকালীন ছুটি কাটানোর অভিযোগ ওঠে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকেও স্থায়ীভাবে বরখাস্ত করার সিদ্ধান্ত গৃহীত হয় ওই সিন্ডিকেট সভায়।
এদিকে ছাত্রীকে যৌন হয়রানির দায়ে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারীর চার বছরের জন্য পদোন্নতি স্থগিত করা হয়েছে। এর আগে গত ৫১২ ও ৫১৩তম সিন্ডিকেট সভার ওই তিন শিক্ষকের বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হয়। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তে এ তিন শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় ৫১৪তম সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে তাদের বিরুদ্ধে এসব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।









