রাজধানীর সমসাময়িক স্থাপত্যচর্চাকে নতুন দৃষ্টিভঙ্গিতে উপস্থাপনের লক্ষ্যে শুরু হয়েছে স্থাপত্য প্রদর্শনী ‘প্যারালালস’। শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে আটটি সমসাময়িক স্থাপত্য প্রতিষ্ঠানের অংশগ্রহণে প্রদর্শনীটি শুরু হয়েছে। চলবে আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত। প্রদর্শনীটির উদ্বোধন করেন স্থপতি অধ্যাপক শামসুল ওয়ারেস।

প্রদর্শনীর কিউরেটর মাহমুদুল আনোয়ার রিয়াদ ও মোহাম্মদ এমরান হোসাইন জানান, ‘প্যারালালস’ মূলত একটি বইয়ের মতো করে সাজানো হয়েছে—যেখানে আটটি অংশগ্রহণকারী স্টুডিও তাদের কাজকে আটটি ‘ছোট গল্প’ হিসেবে উপস্থাপন করছে। প্রচলিত স্থাপত্য প্রদর্শনীর মতো শুধু নকশা বা ছবি নয়, এখানে ত্রিমাত্রিক কাজের মাধ্যমে একটি ভিজুয়াল ন্যারেটিভ বা দৃশ্যমান আখ্যান নির্মাণ করা হয়েছে। প্রতিটি স্টুডিও তাদের ভাবনা, প্রক্রিয়া ও দর্শনকে এক ধরনের স্ব-প্রতিকৃতি হিসেবে তুলে ধরেছে।

প্রদর্শনীতে অংশ নিচ্ছে ঢাকাভিত্তিক আটটি স্থাপত্য প্রতিষ্ঠান। সেগুলো হলো, জুবায়ের হাসান আর্কিটেক্টস, কাজী ফিদা ইসলাম, ফর্ম.৩ আর্কিটেক্টস, গ্রুপ অব আর্কিটেক্টস অ্যান্ড থিংকারস (গোয়াট), সাইকা ইকবাল মেঘনা / সুভ্রো শোভন চৌধুরী, কিউবইনসাইড, দেহসার ওয়ার্কস এবং রুফলাইনার্স স্টুডিও অব আর্কিটেকচার।

ছয় দিনব্যাপী এ আয়োজনে প্রতিদিন থাকছে আলোচনা ও লেকচার সেশন। উদ্বোধনী দিনে কিউরেটরদের পরিচিতির পাশাপাশি বক্তব্য দেন স্থপতি ফারহান এস করিম ও স্থপতি অধ্যাপক শামসুল ওয়ারেস। প্রতিদিন দুটি করে প্রতিষ্ঠান তাদের কাজ ও অভিজ্ঞতা তুলে ধরছে। আলোচক হিসেবে উপস্থিত থাকবেন স্থপতি নাহাস আহমেদ খলিল, সালাউদ্দিন আহমেদ, এহসান খান ও মামুনুর মুর্শেদ চৌধুরী।

উদ্বোধনী আলোচনায় আধুনিক স্থাপত্যের দর্শন প্রসঙ্গে স্থপতি শামসুল ওয়ারেস বলেন, আধুনিক স্থাপত্যের মূল নীতি ছিল—সবার জন্য সাশ্রয়ী, সহজলভ্য ও ব্যবহারযোগ্য নকশা তৈরি করা। কম খরচে সাধারণ উপকরণ ব্যবহার করে আলো-বাতাস নিশ্চিত করা এবং অপ্রয়োজনীয় উচ্চতা এড়িয়ে কার্যকর স্পেস নির্মাণই ছিল আধুনিক স্থাপত্যের বুনিয়াদি দর্শন। তিনি স্থাপত্যকে ‘স্পেস তৈরির শিল্প’ হিসেবে ব্যাখ্যা করেন, যেখানে প্রতিটি নকশার একটি সুস্পষ্ট উদ্দেশ্য ও ব্যবহারিক মূল্য থাকা জরুরি।

তিনি আরো বলেন, আধুনিক স্থাপত্য নিয়ে সমালোচনা আসে। অলংকরণবিহীন আধুনিক নকশার কারণে অনেক সময় ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবুও শিল্পবিপ্লবোত্তর শিল্পভিত্তিক সমাজের জন্য আধুনিক স্থাপত্যই ছিল সবচেয়ে কার্যকর ও প্রাসঙ্গিক ধারা, যা দীর্ঘ সময় ধরে বিশ্বজুড়ে গ্রহণযোগ্যতা পেয়েছে।

রাজধানীর তেজগাঁওয়ের আলোকি কনভেনশন সেন্টারে প্রতিদিন বিকাল থেকে এ প্রদর্শনী ও আলোচনা সভা সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীর শেষ দিনে থাকবে স্থপতি কাশেফ চৌধুরীর সঙ্গে বিশেষ আলাপচারিতা ও একটি গোলটেবিল বৈঠক।