ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ প্রাঙ্গণে চলমান নবম নন-ফিকশন বইমেলায় গতকাল দ্বিতীয় দিনও ছিল উৎসবমুখর। বইপ্রেমী, পাঠক-প্রকাশক ও নতুন লেখকদের ভিড়ে মেলা প্রাঙ্গণ সকাল থেকেই প্রাণোচ্ছল হয়ে ওঠে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাঠকদের ভিড়ও বাড়তে থাকে।

নবমবারের মতো আয়োজিত নন-ফিকশন বইমেলা ১০ জানুয়ারি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী মেলা শেষ হচ্ছে আজ। বেলা ৩টায় সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার। বিশেষ অতিথি থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ।

বিকালে নন-ফিকশন বইমেলার সমাপনী অনুষ্ঠান শেষে রয়েছে আকর্ষণীয় র‌্যাফল ড্র। এর মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটবে।

মেলায় আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী রেজানুর রহমান বণিক বার্তাকে বলেন, ‘অন্য সব মেলায় ফিকশন, নন-ফিকশন মিলিয়ে বই থাকে। কিন্তু এ মেলায় আমরা শুধু নন-ফিকশনকে আলাদা করে দেখছি। এতে পাঠকরাও নির্দিষ্টভাবে জ্ঞানভিত্তিক বইয়ের দিকে মনোযোগ দিতে পারছেন। এটা খুবই ভালো উদ্যোগ। ঢাকার বাইরে অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে এমন মেলা হলে খুবই ভালো হবে।’

গতকাল মেলায় আসেন গবেষক ও অনুবাদক আমিনুল ইসলাম ভুইয়া। তিনি বলেন, ‘নন-ফিকশন নিয়ে তো এমন আয়োজন হয় না। আমরা যারা নন-ফিকশন লিখি, আমাদের এটা ভীষণ অনুপ্রেরণা দেয়। আমি প্রতিবারই আসি। আজও অনেকগুলো বই কিনেছি, দেখেছি। এমন আয়োজন দেখলে আমি ভীষণ আনন্দিত হই’।

মেলার অন্যতম আকর্ষণ র‍্যাফল ড্র। পাঠকরা খুব উচ্ছ্বাসের সঙ্গে বই কিনে কুপন সংগ্রহ করছেন। ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের ম্যানেজার আব্দুল কুদ্দুস বলেন, ‘আমি বই কিনেছি। কুপনও ফেলেছি। ভীষণ আনন্দ লাগছে। এটা আসলে অন্য রকম একটা আকর্ষণ তৈরি করেছে পাঠকদের মাঝে। আমি যদি প্রথম পুরস্কারটা পাই, তাহলে খুব খুশি হব। আয়োজকদের ধন্যবাদ এমন চমৎকার আয়োজন করার জন্য।’

আজ সকাল ১০টা থেকে সর্বসাধারণের জন্য মেলা উন্মুক্ত থাকবে। গতকালের মতো আজও মেলা প্রাঙ্গণ বইপ্রেমীদের আগমনে মুখর থাকবে—এমন প্রত্যাশা প্রকাশনী ও আয়োজকদের।