পহেলা বৈশাখের প্রেরণায় দেশের সাংস্কৃতিক অঙ্গনকে আরো সমৃদ্ধ করার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সিলেট নগরে পৃথক বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

শ্রমমন্ত্রী বলেন, পহেলা বৈশাখ বাঙালির প্রাণের উৎসব। এটি ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির প্রতীক। এ উৎসবের অনুপ্রেরণায় সাংস্কৃতিক অঙ্গনকে শক্তিশালী করতে হবে। এজন্য শিল্পী, সংস্কৃতিকর্মী ও আয়োজকদের যথাযথ সম্মান ও সহযোগিতা নিশ্চিত করার ওপর তিনি গুরুত্ব দেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে সিলেটের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সীমিত সম্পদ দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রয়োজনীয় সহায়তার অভাবে এ অঞ্চলের সাংস্কৃতিক অঙ্গন দেশের অন্যান্য এলাকার তুলনায় পিছিয়ে আছে।

মন্ত্রী জানান, এ বিষয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়েছে। সিলেটের জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে একটি আধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনা নেয়া হয়েছে। এ কমপ্লেক্সে সাংস্কৃতিক চর্চা ও শিশু-কিশোরদের প্রশিক্ষণের সব ধরনের সুযোগ রাখা হবে।

তিনি বলেন, বাংলাদেশ সম্প্রীতির দেশ। এ অঞ্চলের মানুষও সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে। এ সম্প্রীতি আরো জোরদার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তরুণদের উদ্দেশে তিনি বলেন, সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বাড়াতে হবে। নতুন প্রজন্মের নেতৃত্বেই একটি সমৃদ্ধ দেশ গড়ে উঠবে।

সিলেট নগরের ব্লু বার্ড স্কুল এন্ড কলেজ ও শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে তিনি অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক আবদুল কাইয়ুম চৌধুরী, ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব রাজেশ ভাটিয়া, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, সংগীতশিল্পী হিমাংশু বিশ্বাস, নাট্য সংগঠক শামসুল বাসির শেরো, আনন্দলোকের পরিচালক রানা কুমার সিংহ এবং শ্রুতির সদস্য সচিব সুকান্ত গুপ্তসহ অন্যরা।