বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বলেছেন, বগুড়ায় ১৬-১৮ নভেম্বর শারীরিক মাপ, ১৯ নভেম্বর লিখিত এবং ২৬ নভেম্বর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতার সঙ্গে দক্ষ, মেধাবী ও যোগ্য প্রার্থীকে নিয়োগ প্রদান করা হবে। এ নিয়োগে আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে এবং সাতটি ধাপ অতিক্রম করার পরেই নিয়োগ চূড়ান্ত হবে। এ সাতটি ধাপ হলো প্রিলিমিনারি স্ক্রিনিং, শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই, লিখিত পরীক্ষা, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা, প্রাথমিক নির্বাচন, পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা এবং চূড়ান্তভাবে প্রশিক্ষণে সফলতা থাকতে হবে।

গতকাল বেলা ১১টায় পুলিশ লাইন্সের অডিটোরিয়ামে বাংলাদেশ পুলিশ বাহিনীতে নতুন নিয়মে কনস্টেবল পদে নিয়োগ নিয়ে প্রেসব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, জেলায় এবার মোট ৭১ জনকে কনস্টেবল পদে নিয়োগ দেয়া হবে। এদের মধ্যে পুরুষ ৬০ জন এবং বাকি ১১ জন নারী। ১৪০ টাকার বাইরে চাকরির জন্য কাউকে ১ টাকাও দিতে হবে না।