নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফুটবল খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার কাঁচপুরের রায়েরটেক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন আদনান ও আব্রাহাম। তারা কুষ্টিয়ার পিরোজপুর গ্রামের বাসিন্দা জিয়াউর রহমানের ছেলে। পরিবারসহ তারা রায়েরটেক খান বাড়ির নিজাম উদ্দিন খানের বাড়িতে ভাড়া থাকতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুই ভাই পুকুরপাড়ে ফুটবল খেলছিল। এক পর্যায়ে বলটি পুকুরে পড়ে গেলে সেটি আনতে তারা পানিতে নামে। এরপর দীর্ঘ সময় তাদের দেখা না গেলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। একপর্যায়ে এক নারীর কান্নাকাটি শুনে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন এবং দুজনকে উদ্ধার করেন। এরপর দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ বলেন, নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।