কুড়িগ্রামে টানা বর্ষন ও উজানের ঢলে ধরলা,তিস্তা, ব্রহ্মপুত্র, দুধকুমারসহ সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্লাবিত হয়ে পড়েছে নদ-নদীর তীরবর্তী নীচু এলাকাগুলো। এতে করে বিঘ্নিত হয়ে পড়েছে অনেক এলাকার যোগাযোগ ব্যবস্থা। তলিয়ে গেছে এসব এলাকার সবজি ক্ষেত। 

পানি উন্নয়ন বোর্ড সুত্রে জানা যায় অন্যান্য নদ-নদীর ভাঙ্গন রোধে বিভিন্ন প্রকল্পের কাজ চলমান থাকলেও তিস্তা নদীর স্থায়ী ভাঙ্গনরোধে সরকারের মহাপরিকল্পনার কারনে এখানে কোন প্রকল্প নেই। অপরদিকে পানি বৃদ্ধির সাথে সাথে তিস্তা নদীর দুই পাড় জুড়ে শুরু হয়েছে ভাঙ্গন।

এদিকে উজানের পানি আর বৃষ্টির ফলে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যার আশংকা করছেন স্থানীয় পানি উন্নয়ন বোর্ড।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: আরিফুল ইসলাম জানায়, টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে জেলার সবগুলো নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকলেও এখনও বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে বৃষ্টি অব্যাহত থাকলে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।