দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। আমদানির প্রভাব এরইমধ্যে পড়তে শুরু করেছে পাইকারি বাজারে। একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম পাইকারিতে কেজিপ্রতি ২০ টাকা কমেছে। একদিন আগেও বন্দরে প্রতি কেজি কাঁচামরিচ ১৪০ টাকা দরে বিক্রি হয়েছিল। তবে বর্তমানে দাম কমে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।
হিলি স্থলবন্দরের ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, বাজারে সররবাহ স্বাভাবিক রাখতে আমদানির অনুমতি পাওয়ার পর থেকে বন্দর দিয়ে ভারতের কাঁচামরিচ আসছে। তবে দেশের বাজারে বাড়তি চাহিদা ও ভালো দাম পাওয়ায় আমদানির পরিমাণ বাড়িয়ে দিয়েছিল আমদানিকারকরা। এতে গত বৃহস্পতিবার বন্দর দিয়ে একদিনেই ২৪টি ট্রাকে ৯৬ টন কাঁচা মরিচ আমদানি হয়। ওই দিন বন্দর থেকে পাইকাররা কাঁচামরিচ কিনে রাজধানীসহ দেশের বিভিন্ন মোকামে পাঠিয়েছেন। বন্দর থেকে যে দামে ক্রয় করে নিয়ে গেছেন অনেককে তার চেয়ে কম দামে মোকামে বিক্রি করতে হয়েছে। এতে শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে বন্ধের পর শনিবার বন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি হলেও মোকামগুলোতে চাহিদা কিছুটা কমে যায়। তাই দেশের বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে।
হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, বন্দর দিয়ে কাঁচামরিচ আমদানি অব্যাহত রয়েছে। গতকাল শনিবার সাত ট্রাকে ১৮ হাজার ৯৫০ কেজি কাঁচামরিচ আমদানি হয়েছে। আজও আমদানি অব্যাহত রয়েছে। আমদানির পর কাস্টমসের প্রক্রিয়া শেষে দ্রুত ছাড় দিতে বন্দর কর্তৃপক্ষ সবধরনের ব্যবস্থা গ্রহণ করে রেখেছে বলেও জানিয়েছেন তিনি।










