নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি যে নির্বাচন হবে, সেটা যদি আমরা সফল করতে ব্যর্থ হই, তাহলে আমরা সবাই ব্যর্থ হব। বাংলাদেশ ব্যর্থ হবে।
তিনি বলেন, এবারের নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন করা নিয়ে নির্বাচন কমিশন আশাবাদী। এ কারণে নির্বাচন কার্যক্রমে কোনো ধরনের সমন্বয়হীনতার সুযোগ নেই বলে তিনি জানান।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটরিয়ামে গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে রিটার্নিং কর্মকর্তা ও মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনাবিষয়ক মতবিনিময় সভায় এসব কথা বলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
তিনি বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকাণ্ডে সমন্বয়হীনতার সামান্যতম ত্রুটি-বিচ্যুতিও যদি নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হয়, তবে সেটিকে সহজভাবে নেয়া হবে না।
ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদের সভাপতিত্বে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। এ ছাড়া অন্যান্য কমিশনাররা বিশেষ অতিথি হিসেবে সভায় অংশ নেন।
সভায় আটজন বিভাগীয় কমিশনার, আট জন ডিআইজি, ৬৪ জন জেলা প্রশাসক, ৬৪ জন এসপি, ১০ জন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ৬৪ জন জেলা নির্বাচন কর্মকর্তা এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মোট ২২৬ জন অংশগ্রহণ করেন।
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং এটি কারো কাছে দায়বদ্ধ নয়। কেবল আইনের কাছে দায়বদ্ধ।
উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যেহেতু নির্বাচন কমিশনের অংশ, তাই আপনারাও শুধু আইনের কাছেই দায়বদ্ধ। এ কারণে ভয়ের কোনো কারণ নেই। আমরা, আপনারা সবাই মিলে নির্বাচন কমিশন।
তিনি আরো বলেন, মাঠপর্যায়ের কর্মকর্তাদের নির্বাচন কমিশনের পক্ষ থেকে সক্রিয়ভাবে মাঠে নেমে কাজ করতে হবে। এ সময় তিনি জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে মাঠে থাকার নির্দেশনা দেন। একইসঙ্গে ওসি, ইউএনও এবং আনসার ভিডিপির কর্মকর্তাদের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।










