সাতক্ষীরায় বোরো খেতে পানি ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রহমত মল্লিক (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত আটজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সন্ধ্যায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সিরাজপুর হাটখোলায়। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, শ্যামনগর উপজেলার মধুসুদনপুর খালের পানি ভাগাভাগি নিয়ে সৃষ্ট দ্বন্দ্ব নিরসনে শালিস চলাকালে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে রহমত মল্লিক নামে এক কৃষক নিহত হন। তিনি মধুসুদনপুর গ্রামের মৃত দিরাজতুল্লাহ মল্লিকের ছেলে।
সংঘর্ষে আহতরা হলেন মধুসুদনপুর গ্রামের আয়ুব আলী (৪৫), শফিকুল
(৩৫), রফিকুল
(৫০), জমাত
আলী (৫৫), রেজাউল
আলী (৪৭), আলামিন
(২২) ও মিয়ারাজ (২৮)।
স্থানীয় ভুরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু বলেন, মধুসুদনপুর মৎস্যজীবী সমবায় সমিতির খালের পানি নিয়ে ইজারাদার ও স্থানীয়দের মধ্যে বিরোধ ছিল। এজন্য দুই পক্ষকে নিয়ে মীমাংসার জন্য শালিস ডাকা হয়। শালিসে বক্তব্য শুনানিকালে উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি।
ভুরুলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য হোসেন আলী বলেন, ইরি ধান চাষ করার জন্য সমবায় সমিতির মাধ্যমে খালের পানি ব্যবহার নিয়ে বিরোধের বিচার চলাকালীন দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সেখানে আমি ও চেয়ারম্যান উপস্থিত ছিলাম। তারা সহনশীল হলে এ ঘটনা ঘটত না।
আহত আলামিন বলেন, খালটা নিয়ে বেশ কিছুদিন ঝামেলা চলছিল। চেয়ারম্যান উভয় পক্ষকে ডেকে বিচার করার সময় প্রতিপক্ষ আমাদের ওপর হামলা চালায়। এতে আমি ও আমার বাবাসহ আরো বেশ কয়েকজন আহত হয়েছি।
শ্যামনগর থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, সিরাজপুর হাটখোলায় শালিসে সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছে। এ ঘটনায় নিহত রহমত মল্লিকের পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। এ মামলায় দুজনকে পুলিশ গ্রেফতার করেছে।









