বিজয় দিবস ঘিরে গত তিনদিনে যশোরের গদখালী পাইকারি বাজারে ২ কোটি টাকার ফুল বেচাকেনা হয়েছে। এতে চাষীদের মধ্যে কিছুটা স্বস্তি ফিরেছে। কেননা গত নভেম্বরে হরতাল-অবরোধের কারণে দূরপাল্লার গাড়ি চলাচল কম হয়েছে। এতে চাষীরা ফুল বাজারজাত করতে না পারায় ভালো দাম পাননি। সেই ক্ষতি কিছুটা পুষিয়ে গেছে বলে জানিয়েছেন ফুলচাষীরা।

যশোর ফুল উৎপাদন ও বিপণন সমবায় সমিতির সভাপতি আব্দুর রহিম বলেন, ‘শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবসকে কেন্দ্র করে ১৩-১৫ ডিসেম্বর সকাল পর্যন্ত প্রায় ২ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। গদখালী থেকে এ বছর প্রায় ১১ ধরনের ফুল বাজারে উঠেছিল। এ বছর ফুলের দামও অনেক ভালো ছিল। কৃষক ভালো দামে ফুল বিক্রি করতে পেরে অনেক খুশি। সামনে নতুন বছর, বড়দিন এবং বিশ্ব ভালোবাসা দিবস ঘিরে এ অঞ্চলের কৃষক প্রস্তুতি নিয়েছেন।’ দেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে প্রায় ৫০ কোটি টাকার ফুল এ মৌসুমে বিক্রি করা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

ঝিকরগাছা উপজেলার পানিসারা গ্রামের মোহাব্বত আলী জানান, এবার তিন বিঘা জমিতে গোলাপের আবাদ করেছিলেন তিনি। তার খেতে ভালো ফুল হয়েছে। ১৪ ও ১৬ ডিসেম্বর ফুলের ন্যায্য দাম মিলেছে।

কৃষি বিভাগের তথ্যমতে, যশোর অঞ্চলের দেড় হাজার হেক্টর জমিতে প্রায় ১১ ধরনের ফুলের চাষ হয়। দেশের মোট ফুল চাহিদার ৭০ শতাংশ চাহিদা মেটায় গদখালীর ফুল।