অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করতে এসডিজি বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি খাত, নাগরিক সমাজ, উন্নয়ন সহযোগী এবং সাধারণ জনগণের সমন্বিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আজ বুধবার রাজধানীতে আয়োজিত তিন দিনব্যাপী টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক জাতীয় সম্মেলনের শেষ দিনে সমাপনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, টেকসই উন্নয়নের মূল কেন্দ্র পরিবার। একটি পরিবারের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা ও জীবনযাত্রার মানের উন্নয়ন নিশ্চিত করা গেলে সামগ্রিকভাবে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। তাই এসডিজি বাস্তবায়নের প্রতিটি পর্যায়ে সাধারণ মানুষের প্রয়োজন ও জীবনমান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশ এসডিজি অর্জনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। তবে বৈশ্বিক ও অভ্যন্তরীণ বাস্তবতার পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশলে প্রয়োজনীয় সংস্কার আনতে হবে। শুধু লক্ষ্য নির্ধারণ করলেই হবে না। নির্ধারিত লক্ষ্য অর্জনে সঠিক তথ্য, কার্যকর পরিকল্পনা, পর্যাপ্ত অর্থায়ন এবং বাস্তবায়নের কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে বলেও জানান তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী জানান, এ অনুষ্ঠানে যে আলোচনা, সুপারিশ ও অভিজ্ঞতা বিনিময় হয়েছে, তা এসডিজি বাস্তবায়নের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা প্রণয়ন এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লা, পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি, সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য মঞ্জুর হোসেন, প্রধানমন্ত্রীর এসডিজি মুখ্য সমন্বয়ক অধ্যাপক ড. এসএম আবদুল আউয়াল উপস্থিত ছিলেন।