ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাজশাহীর কাঁটাখালী পৌরসভার আলোচিত মেয়র আব্বাস আলীর তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল দুপুরের দিকে রাজশাহীর মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক শঙ্কর কুমার তার রিমান্ড মঞ্জুর করেন।

নগরীর বোয়ালিয়া মডেল থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, জিজ্ঞাসাবাদের জন্য মেয়র আব্বাস আলীর ১০ দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। তবে শুনানিশেষে আদালত তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। জিজ্ঞাসাবাদের জন্য গতকাল সন্ধ্যায় আব্বাস আলীকে বোয়ালিয়া মডেল থানায় নেয়া হয়।

গত ২২ নভেম্বর রাতে মেয়র আব্বাস আলীর ১ মিনিট ৫১ সেকেন্ডের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে বঙ্গবন্ধুর ম্যুরাল বানালে ‘পাপ হবে’ এমন কথা বলতে শোনা যায়। এ ঘটনায় ২৩ নভেম্বর রাতে মেয়র আব্বাসের বিরুদ্ধে আরএমপির তিন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তিনটি অভিযোগ দেয়া হয়। এর মধ্যে নগরীর বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও রাজশাহী সিটি করপোরেশনের ১৩নং কাউন্সিলর আব্দুল মোমিনের অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড হয়।

আত্মগোপনে থাকা অবস্থায় ১ ডিসেম্বর ভোরে রাজধানী ঢাকার ঈশা খাঁ হোটেল থেকে তাকে আটক করে র্যাব।