ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার রামনগর বাজারে অভিযান চালিয়ে দুই ব্যবসায়ীর দোকান থেকে ৫ হাজার ১০০ লিটার সয়াবিন তেল উদ্ধার ও  ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার রাতে এ অভিযান চালানো হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক হরিণাকুণ্ডুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিম আহমেদ জানান, তারা গোপন সূত্রে খবর পান রামনগর বাজারের ব্যবসায়ী বিধান সাহা ও দিলদার আলী বিপুল পরিমাণ সয়াবিন তেল মজুত করেছেন। খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে দিলদার আলীর মুরগির খামার থেকে ১৩টি ড্রাম ভর্তি ২ হাজার ৬০০ লিটার ও বিধান সাহার গুদাম থেকে ১২টি ড্রামভর্তি আড়াই হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করি। এ সময় অবৈধভাবে তেল মজুত করার দায়ে দিলদার আলীকে ৫০ হাজার টাকা ও বিধান সাহাকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়। তারা গত ১২ ফেব্রুয়ারি এ সয়াবিন তেল এনে মজুত করে চড়া দামে বিক্রি করছিলেন।