আইপিএল ইস্যুতে বাংলাদেশ-ভারত বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। তিনি বলেন, ‘এ মুহূর্তে আমরা তেমন কোনো কিছু দেখছি না, কোনো প্রভাব পড়বে এ রকম কিছুও দেখছি না।’ গতকাল সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ-সংক্রান্ত এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরেক প্রশ্নের জবাবে বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আপনি যদি বিগত পাঁচ বছরের আমাদের রফতানি বা আমদানির চিত্র দেখেন বছরভিত্তিক ওঠানামা দেখবেন। আমাদের আমদানি প্রয়োজন, আমাদের অর্থনৈতিক সক্ষমতা, আমাদের অর্থনৈতিক উদ্দেশ্যে—সবকিছু নিয়েই আমাদের পরিমাণগত পরিবর্তনগুলো হয়। সেক্ষেত্রে আমরা এমন কোনো কিছু দেখছি না। তবে আমাদের বিভিন্ন রকম ট্রেড মেজারস নেয়া হয়েছে। আপনারা জানেন যে আমাদের কিছু বর্ডার মেজারস দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে নেয়া হয়েছে। সেটার কোনো ইমপ্যাক্ট এসেছে কিনা এ মুহূর্তে স্পষ্ট করে বলতে পারছি না।’

বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘আমরা উদার বাণিজ্যে বিশ্বাস করি। পৃথিবীর সব দেশের সঙ্গে আমাদের উদার বাণিজ্য কার্যক্রম চালু রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমাদের অভ্যন্তরীণ বাণিজ্য বাধাগ্রস্ত না হয়, সে পর্যন্ত আমরা স্পেসিফিক কোনো বাই লেটারাল (দ্বিপক্ষীয়) সিদ্ধান্ত নিই না। সামগ্রিকভাবে আমরা উদার বাণিজ্যে বিশ্বাসী।’

এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, ‘দৈনন্দিন দিনের যেসব ঘটনা, এগুলোতে দ্বিপক্ষীয় বাণিজ্যে তেমন কোনো প্রভাব ফেলে না। তবে ভারত বিভিন্ন স্থলবন্দর বন্ধ করে দিয়ে, গত মে মাসে বাংলাদেশ থেকে আমদানি বন্ধ করে দিয়েছে, তার ফলে আমাদের রফতানি কমেছে। কিন্তু আমরা সে ধরনের কাউন্টার মেজারস নেইনি।’

এ সময় ভারতে পাট রফতানি বন্ধের পদক্ষেপ নিয়ে তিনি বলেন, ‘সেটি আমাদের দেশের অভ্যন্তরীণ সরবরাহ ও জোগান ঠিক রাখার জন্য করা হয়েছে। অন্য একটি দেশকে ক্ষতি করার জন্য কিছু করা হয়নি। আমাদের নীতিগুলো দেশের অভ্যন্তরীণ বাণিজ্যকে কেন্দ্র করে নেয়া, আরেকটা দেশকে ক্ষতিগ্রস্ত করার জন্য নয়।’