নির্বাচন কমিশন (ইসি) এখন 'অভিযোগ কেন্দ্রে' (কমপ্লেইন লজিং সেন্টার) পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, প্রতিনিয়ত কমিশনে অভিযোগ আসছে। মানুষ জানে না, অভিযোগ রিটার্নিং কর্মকর্তার কাছে করতে হয়। এ সময় তিনি রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ের সামনে অভিযোগ জানানোর নম্বর টাঙিয়ে রাখতে বলেন। যাতে কেউ আচরণবিধি ভঙ্গ করলে বা ভয়ভীতি দেখালে মানুষ অভিযোগ জানাতে পারেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের (ইসি) দিনব্যাপী মতবিনিময় সভার প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচন ও গণভোট সামনে রেখে জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) কথা শুনে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আশ্বস্থ হয়েছি । কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি এখন অনেক আশ্বস্ত হয়ে ফিরছি। আপনারা মাঠে যান। আমি একটি নিরপেক্ষ নির্বাচন চাই। পেশাদারিত্ব বজায় রেখে কাজ করবেন, কোনোভাবেই পক্ষপাতদুষ্ট হয়ে কাজ করবেন না। এ সময় তিনি রিটার্নিং কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তাদের নির্বাচনের 'ভিভিআইপি' হিসেবে অভিহিত করেন।
পুলিশ ও প্রশাসনকে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকারে রাখার নির্দেশ দেন সিইসি। ময়মনসিংহে লাশ পোড়ানোর ঘটনার প্রেক্ষিতে তিনি বলেন, দেশে এ ধরনের উসকানি অনেক হতে পারে। সাম্প্রদায়িক সম্প্রীতি অবশ্যই রক্ষা করতে হবে।
সিইসি বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটাররা যাতে নিরাপদে ও শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে আসতে পারেন এবং ভোট দিয়ে শান্তিতে বাড়ি ফিরতে পারেন, সেই ব্যবস্থা নিশ্চিত করতে হবে।










