রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বধ্যভূমি এলাকায় পাওয়া গেছে আরো দুটি পরিত্যক্ত মর্টার শেল ও একটি রকেট লঞ্চার। গতকাল বেলা সাড়ে ১১টায় শহীদ সামসুজ্জোহা হলের পার্শ্ববর্তী পুকুরে এ মর্টার শেল দেখতে পান স্থানীয় বুধপাড়া এলাকার বাসিন্দা জুয়েল। পরে তিনি বধ্যভূমি পুলিশ বক্সের পুলিশ সদস্যদের জানান। এ নিয়ে চারদিনে তিনটি মর্টার শেল ও একটি রকেট লঞ্চার উদ্ধার হয়েছে বিশ্ববিদ্যালয়টিতে। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক ড. লুত্ফর রহমান ও মতিহার থানার উপপরিদর্শক ইমরান হোসাইন।
পুলিশ জানায়, ওই সংবাদের ভিত্তিতে রাবি পুলিশ ফাঁড়ির কর্তব্যরত কনস্টেবল জামরুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিত্যক্ত দুটি মর্টার শেল এবং একটি রকেট লঞ্চার দেখতে পেয়ে উদ্ধার করে গণকবরের পুলিশ পোস্টের কাছে নিয়ে আসেন।









