ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার। এবারের নির্বাচন পর্যবেক্ষণে ইইউর বড় একটি প্রতিনিধি দল থাকবে বলেও জানিয়েছেন তিনি। গতকাল আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান মিলার।

ইইউ রাষ্ট্রদূত বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন সময়মতো, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনে সমর্থন করে। এটা বাংলাদেশের সামনে একটা বড় সুযোগ।’

এর আগে গত শনিবার শেরেবাংলা নগর উচ্চ বালিকা বিদ্যালয়ে ‘মক ভোটিং’ পরিদর্শন করেছেন ইইউর রাষ্ট্রদূত। এর তিনদিন পর সিইসির সঙ্গে ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের গণতান্ত্রিক ধারার পথে এ নির্বাচন একটি বড় সুযোগ। সংসদ ও গণভোট পরিচালনার লক্ষ্যে ইসির একটি মহড়া দেখার সৌভাগ্য হয়েছে। নির্বাচন কমিশনের প্রাকপ্রস্তুতি দেখে আমি অভিভূত। সংসদ নির্বাচন ও গণভোটের সার্বিক চ্যালেঞ্জ বিবেচনায় নিয়েই প্রস্তুতি নেয়া হয়েছে।’

ইসির সক্ষমতা ও অঙ্গীকারের বিষয়ে মাইকেল মিলার বলেন, ‘নির্বাচন কমিশনের অঙ্গীকার ও পেশাদারত্ব এবং ভোট পরিচালনার সক্ষমতা দেখতে পেয়েছি। ২০২৬ সালে বাংলাদেশে বিশ্বের বড় একটি নির্বাচন হতে যাচ্ছে। অবশ্য আমরা এখনো নির্বাচনের তফসিল পাইনি। তবে সে ঘোষণার অপেক্ষায় আছি। আমরা দীর্ঘদিন পর বাংলাদেশে প্রথম গণতান্ত্রিক নির্বাচন আয়োজনে সহযোগিতা অব্যাহত রাখব। এবারের নির্বাচনে ইইউ একটি বড় নির্বাচন পর্যবেক্ষক মিশন নিয়োজিত রাখার প্রস্তুতি নিচ্ছে।’

স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের চ্যালেঞ্জ সম্পর্কে তিনি বলেন, ‘বাংলাদেশে এমন একটি প্রজন্ম আছে, যারা আগের কোনো নির্বাচনে অংশ নেয়নি। আপনারা এমন একটি সম্পূর্ণ প্রজন্ম বা আরো বেশি মানুষ পেয়েছেন, যারা কখনো ভোট দেয়নি। এটি একটি চ্যালেঞ্জ হবে। কারণ মানুষকে জানতে হবে নির্বাচন বা গণভোটের দিন কীভাবে ভোট দিতে হয়, কী করতে হয়।’