ফেনীর সোনাগাজী উপজেলার বিভিন্ন ইউনিয়নে অন্তত ৩০ হাজার খেজুর গাছ রয়েছে। তেমন চাহিদা না থাকায় একসময় এসব গাছ থেকে রস সংগ্রহ করা হতো না। এলাকায় ছিল না পেশাদার গাছিও। কিন্তু কয়েক বছর ধরে অনলাইন প্লাটফর্মের মাধ্যমে খেজুর রস বিক্রি করে মুনাফা অর্জন করছেন উদ্যোক্তারা। ক্ষুদ্র ও বিক্ষিপ্তভাগে গড়ে ওঠা খেজুরের রসের এ বাজার চলতি মৌসুমে ৭ কোটি টাকা ছাড়িয়ে যাওয়ার আশা করছেন উদ্যোক্তারা।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, সোনাগাজী উপজেলা শহর, আদর্শ গ্রাম, মদীনা বাজার, সোনাপুর ও বাদামতলীতে প্রতিদিন ভোরে খেজুর রসের বাজার বসে। এসব বাজারে প্রায় ২০ হাজার গাছ থেকে সংগৃহীত অন্তত ১৮-২২ হাজার লিটার রস বিক্রি হচ্ছে। প্রতি কেজি গড়ে ৭০ টাকা হারে দৈনিক ১৪ লাখ টাকার রস বিক্রি হয় এ উপজেলায়। শীতের ধারাবাহিকতা ঠিক থাকলে চলতি মৌসুমে ৭-৮ কোটি টাকার রস সংগ্রহ হবে।

সোনাগাজীর আদর্শ গ্রামের গাছি আবদুল মালেক প্রায় এক দশক ধরে রস সংগ্রহ করেন। তিনি জানান, উপজেলার সবচেয়ে বেশি রস সংগ্রহ হয় আদর্শ গ্রামে। চলতি মৌসুমে এ গ্রামে অন্তত চার হাজার গাছ থেকে রস সংগ্রহ হচ্ছে। একসময় খেজুর রসের চাহিদা ছিল, কিন্তু ২০০০ সালের দিকে রসের চাহিদা কমে যায়। কখনো কেউ রস সংগ্রহ করে বিক্রি করতে না পেরে গুড় তৈরি করতেন। তবে এতে ভালো দাম পাওয়া যেত না। ফলে গাছিরাও অন্য পেশায় চলে যান। গত কয়েক বছর ফেসবুকের মাধ্যমে হঠাৎ রসের চাহিদা সৃষ্টি হয়। এ কারণে এখন প্রায় সব গাছ থেকেই রস সংগ্রহ করা হচ্ছে।

চরছান্দিয়া ইউনিয়নের আমজাদ হোসেনের গাছ রয়েছে ২০০টির বেশি। তিনি বলেন, ‘পাঁচজন গাছির মাধ্যমে তিনি সব গাছ থেকেই রস সংগ্রহ করে যাচ্ছেন। গড়ে প্রতি গাছ থেকে দেড় থেকে দুই কেজি পর্যন্ত রস পাওয়া যায়। বিভিন্ন অনলাইনে কাজ করা যুবকরা ভোর বেলায় গাছের নিচ থেকেই রস কিনে নিয়ে যান। আমরা প্রতি কেজি ৫০-৭০ টাকায় বিক্রি করছি। কয়েকদিন শীত বেশি থাকায় দৈনিক গাছগুলো থেকে ১০ হাজার টাকার মতো রস নামছে। গাছিদের মজুরি বাদ দিলে প্রতিদিন ৫-৬ হাজার টাকা লাভ হচ্ছে। ফেব্রুয়ারির শেষ দিক পর্যন্ত গাছ থেকে রস সংগ্রহ করতে পারব।’

চলতি মৌসুমে অনলাইনে খেজুর রসের ব্যবসা করছেন সহজ বাজার পেইজের রাশেদ, হ্যালো কলের হান্নান ও ই-ফাতাহ পেইজের নিশাদসহ আরো অনেকে। তারা জানান, সোনাগাজীর উপকূলীয় অঞ্চলের খেজুর রস অনেক সুস্বাধু ও মিষ্টি। তাই ভালো চাহিদা ও ভালো দাম পাওয়া যাচ্ছে। চরাঞ্চল থেকে ভোর বেলা এসে ৫০-৭০ টাকা দামে রস সংগ্রহ করছি। বোতলে ভরে ওই রস ৯০-১০০ টাকা কেজিতে বিক্রি করি। কখনো কখনো ৫০০-৭০০ কেজির অর্ডার পাই। মানুষ বিশ্বাস করেই আমাদের থেকে খাঁটি রস সংগ্রহ করে। আমরা জেলার বিভিন্ন স্থানে মোটরসাইকেল করে ভোক্তার বাড়ি বাড়ি রস পৌঁছে দিই।’

এ বিষয়ে সোনাগাজী উপজেলা কৃষি কর্মকর্তা মাঈন উদ্দিন আহমেদ সোহাগ জানান, শীতের প্রকোপ বেশি থাকায় উপজেলায় প্রতিদিন ১৮-২৫ হাজার লিটার পর্যন্ত খেজুর রস সংগ্রহ হয়েছে। প্রতি কেজি ৭০ টাকা হারে হিসাব করলে ২০ হাজার লিটারের দাম ১৪ লাখ টাকা পড়ে। তবে রসের কলসের মুখে যাতে কোনো ক্ষতিকর পোকামাকড়, বাদুড় ও সাপ মুখ না দেয়, সেজন্য বিশেষ কায়দায় জাল লাগানোর জন্য বলে আসছি।’ রসের চাহিদা ধরে রাখতে পরিকল্পিতভাবে বাজার ব্যবস্থা সৃষ্টি করা হবে বলেও জানান এই কর্মকর্তা।