পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে দুই দেশের সম্পর্ক আরো শক্তিশালী করার বিষয়ে আলোচনা হয়।

রোববার (১২ এপ্রিল) প্রতিমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় প্রতিমন্ত্রী রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং সাম্প্রতিক সংসদ নির্বাচনে বিএনপির বিজয় ও সরকার গঠনে ফিলিস্তিনের পক্ষ থেকে অভিনন্দন জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাক্ষাতে প্রতিমন্ত্রী ফিলিস্তিনের ন্যায্য অধিকার এবং ফিলিস্তিনি জনগণের প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার জন্য দ্বি রাষ্ট্র সমাধানের পক্ষে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।

এ সময় উভয় পক্ষ বাংলাদেশ ও ফিলিস্তিনের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।