সিলেটে সোমবার সিরিজের প্রথম টি২০ ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর শ্রীলংকার কাছে ৩ রানে হেরেছে বাংলাদেশ। স্বাগতিকরা হারলেও তরুণ জাকের আলীর লড়াই মন জয় করে নেয় সবার। আত্মবিশ্বাসী লাল-সবুজ জার্সিধারীদের সামনে আজ সমতায় ফেরার চ্যালেঞ্জ। শনিবার সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে হলে আজ দ্বিতীয় ম্যাচ জিততেই হবে নাজমুল হোসেন শান্তদের। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।
প্রথম ম্যাচে বড় হারের শঙ্কা তাড়িয়ে একটি সময় জয়ের কাছাকাছি পৌঁছে যায় বাংলাদেশ। এ লড়াইয়ের নায়ক মাহমুদউল্লাহ ও জাকের আলী অনিক। মাহমুদউল্লাহ ৩১ বলে ৫৪ রান করেন। মাহমুদউল্লাহ আউট হয়ে গেলেও থামছিলেন না জাকের। তিনি শেখ মেহেদী হাসানকে নিয়ে ২৭ বলে বোর্ডে তুলেছেন ৬৫ রান। ১২ বলে দলের প্রয়োজন ২৭ রান—ঠিক তখনই মেহেদীর আউটে আবার পিছিয়ে পড়ে বাংলাদেশ।
এরপর রিশাদ হোসেনকে নিয়ে ৯ বলে ১৫ রান যোগ করেন জাকের। তখন প্রয়োজন পড়ে ৪ বলে ১০। এ সমীকরণে ছক্কা মারতে গিয়ে সীমানার কাছে ধরা পড়েন জাকের। তখনই সব আশা শেষ বাংলাদেশের। শরিফুল ও তাসকিন আহমেদ ৩ বলে ১০ রান নিতে পারেননি। এতে বিফলেই যায় জাকেরের ৩৪ বলে করা ৬৮ রানের বীরোচিত ইনিংসটা।
দলকে জেতাতে না পারলেও প্রশংসায় ভাসছেন জাকের। যদিও তিনি নিজের আক্ষেপ লুকালেন না। সোমবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ২৬ বছর বয়সী এ ক্রিকেটার বলেন, ‘আমার চেহারা দেখে কিন্তু বুঝতে পারছেন আমি কী রকম আছি। বিপিএলের ফাইনাল হেরে এসেছি। রাতে ঘুম হয়নি। দেশের হয়ে জিততে পারলে আরেকটু ভালো লাগত। আমি ভেঙে পড়ব না। কীভাবে জেতা যায় পরের ম্যাচ তা নিয়ে ভাবছি।’
সদ্য সমাপ্ত বিপিএলে ৯৯.৫ গড় ও ১৪১.১৩ স্ট্রাইক রেটে ১৯৯ রান করা জাকের আলী মনে করেন, প্রথম ম্যাচ থেকে ইতিবাচক অনেক কিছু নেয়ার আছে। তিনি বলছিলেন, ‘এ ম্যাচে আমাদের পাওয়ার অনেক কিছু আছে। খাতা-কলম নিয়ে নোট করতে বসলে দল হিসেবে অনেক প্রাপ্তি আছে।’
এদিকে শ্রীলংকা দলের পরামর্শক হিসেবে সিলেটে পৌঁছেছেন সাবেক সুপারস্টার ক্রিকেটার সনাথ জয়সুরিয়া। গতকাল বিমানবন্দরে নেমে তিনি জানান, হারলেও লংকানদের বিপক্ষে দারুণ লড়াই করেছে স্বাগতিকরা। বিশেষ করে মাহমুদউল্লাহ ও জাকের আলী অনিক অবিশ্বাস্য ব্যাটিং করেছেন। জাকেরকে প্রশংসায় ভাসিয়ে তিনি বলেন, ‘হ্যাঁ, জাকেরকে দেখেছি। বাংলাদেশ দারুণ লড়াই করেছে।’










