শিক্ষার্থীদের উদ্দেশে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেছেন, ‘বর্তমান যুগ কম্পিউটারের যুগ। বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরাই কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে ভর্তি হয়। বিশ্ব এখন চতুর্থ শিল্প বিপ্লব থেকে পঞ্চম শিল্প বিপ্লবের দিকে অগ্রসর হচ্ছে। প্রযুক্তি এ বিপ্লবের নেতৃত্ব দেবে। এজন্য তোমাদের আলোকিত মানুষ হতে হবে। পড়াশোনায় মনোযোগী হতে হবে। তোমরা যদি আলোকিত মানুষ হও, তাহলে তোমরা বঙ্গবন্ধু, বঙ্গমাতা, মুক্তিযুদ্ধে শহীদদের রক্তের ঋণ এবং তোমাদের মা-বাবার কষ্টের ঋণ পরিশোধ করতে পারবে। অন্যথায় এ ঋণ পরিশোধ সম্ভব না। তোমরা যদি ভালো প্রোগ্রামার না হতে পারো, তাহলে কোয়ালিটিসম্পন্ন শিক্ষার্থী হতে পারবে না।’

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের গ্যালারিতে গতকাল আয়োজিত ‘টিচার্স-স্টুডেন্ট ডিসকাশন অন এনহ্যান্সিং একাডেমিক ফ্যাসিলিটিজ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে বিভাগটির উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের ক্রীড়া ও শিক্ষার্থীদের প্রোগ্রামিং প্রতিযোগিতা হয়। অনুষ্ঠানে বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের সম্মাননা স্মারক ও নবীনদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, ‘যবিপ্রবি দেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল বিশ্ববিদ্যালয়। গবেষণায় ক্রমেই এগিয়ে যাচ্ছে যবিপ্রবি। তোমরাই পারো বিশ্বের দরবারে বিশ্ববিদ্যালয়ের মাথা উঁচু করতে। স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য নিজেকে যোগ্য করে গড়ে তুলতে হবে।’

সিএসই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ মো. গালিবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন যবিপ্রবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. এইচএম জাকির হোসেন এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আলম হোসেন।