সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ শ্রীলংকার বিপক্ষে প্রথমবারের মতো টি২০ সিরিজ জিতে ইতিহাস গড়ার হাতছানি বাংলাদেশ ক্রিকেট দলের সামনে। এর আগে চারটি দ্বিপক্ষীয় সিরিজ খেললেও কখনো ট্রফি ছুঁয়ে দেখা হয়নি। টাইগারদের সামনে এবার সেই সুযোগ। আজ বাংলাদেশ সময় বেলা ৩টায় শুরু হবে সিরিজের তৃতীয় ও শেষ টি২০ ম্যাচ।
শ্রীলংকার সঙ্গে এর আগে চারটি টি২০ সিরিজ খেলে তিনটিতেই হেরেছে বাংলাদেশ। বাকিটি হয়েছে ড্র। ২০১৩ সালে ঘরের মাঠে ১-০-তে, ২০১৪ সালে বাংলাদেশের মাটিতে ২-০-তে ও ২০১৮ সালে বাংলাদেশের মাটিতে ২-০-তে টি২০ সিরিজ জয় করে শ্রীলংকা। ২০১৭ সালে শ্রীলংকায় অনুষ্ঠিত দুই ম্যাচের সিরিজ ১-১-এ ড্র হয়। এবার প্রথমবারের মতো সিংহলিজদের হারানোর হাতছানি নাজমুল হোসেন শান্তদের সামনে।
সিরিজ জিতে ইতিহাস গড়ার বিষয়টি উঠে এল গতকালের সংবাদ সম্মেলনে। বাংলাদেশ দলের লংকান হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে এ বিষয়ে এক প্রশ্নের মুখে বলেছেন, ‘আপনি যেমন বললেন, আমরা ইতিহাসটা বদলানোর দ্বারপ্রান্তে আছি। হ্যাঁ, আমরা সিরিজটা জেতার মতো অবস্থানে আছি। আমাদের লক্ষ্য ম্যাচটা জেতা। ম্যাচটা যেহেতু দিনে, আমাদের বেশকিছু বিষয় বিবেচনায় রাখতে হবে। আমরা যদি আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারি, তাহলে আমাদের ভালো সুযোগ থাকবে ম্যাচটা জেতার। তবে এটাও বলব, শ্রীলংকা খুবই ভালো টি২০ দল। যা-ই হোক, আমরা নিজেদের খেলায় মনোযোগ দেয়ার চেষ্টা করছি।’
এদিকে দুই ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে আজ শ্রীলংকা দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক চৌকস অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা ডি সিলভা। হাথুরুসিংহে অবশ্য হাসারাঙ্গার ফেরা নিয়ে খুব একটা চিন্তিত নন। স্বদেশীকে নিয়ে তিনি বলেন, ‘ওয়ানিন্দু হাসারাঙ্গা আমাদের জন্য অন্যদের মতোই একজন ক্রিকেটার।’
প্রথম ম্যাচে জাকের আলী ও মাহমুদউল্লাহর লড়াকু ফিফটিতে ভর দিয়ে ২০৭ রান তাড়া করে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায় বাংলাদেশ। যদিও শেষ মুহূর্তের নাটকীয়তায় মাত্র ৩ রানে হেরে যায় টাইগাররা। এরপর দ্বিতীয় ম্যাচে বোলিং ও ব্যাটিংয়ে দাপট দেখিয়ে ৮ উইকেটে জিতেছে স্বাগতিকরা। সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ দলের খেলোয়াড়দের ভুল শুধরে ঘুরে দাঁড়ানোর প্রশংসা করেছেন হাথুরুসিংহে। তিনি বলেন, ‘শেষ ম্যাচে আমরা প্রায় নিখুঁত খেলেছি। এটা দেখে ভালো লেগেছে যে ছেলেরা খুব দ্রুত এর আগের ম্যাচ থেকে শিখেছে। বোলাররা প্রথম ম্যাচের চেয়ে ভালো করেছে। ব্যাটসম্যানরাও পাওয়ার প্লের ভুল শুধরে নিয়েছে।’
সিরিজ জিততে চাইলেও হাথুরুসিংহে মূলত আসন্ন টি২০ বিশ্বকাপকেই পাখির চোখ করে রেখেছেন। আগামী জুন-জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে এ আসর। তিনি বলেন, ‘আমরা বিশ্বকাপের জন্য সমন্বয় খুঁজছি। সেই সমন্বয়ে কে কেমনভাবে জায়গা করে নেয় এবং সেখানে কে কতটা স্বাচ্ছন্দ্যবোধ করে, সেটাও দেখছি।’
টি২০তে এখন পর্যন্ত ১৫ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। এ দ্বৈরথে সিংহলিজরাই এগিয়ে। তাদের ১০ জয়ের বিপরীতে বাংলাদেশের জয় ৫টি। আজ ব্যবধান কমানোর সুযোগ স্বাগতিক দলের সামনে।










