নির্বাচনের সময় ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে ভোটারদের মোবাইল হ্যান্ডসেট ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি মহিউদ্দিন আহমেদ এ সিদ্ধান্তকে ‘হটকারী, অযৌক্তিক ও জনভোগান্তিমূলক’ বলে আখ্যা দিয়েছেন।
সোমবার এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমান ডিজিটাল যুগে ইন্টারনেট ব্যবহার নাগরিকের মৌলিক অধিকারের অংশ। বর্তমান সরকার নাগরিকদের ইন্টারনেট ব্যবহারের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার করেছে এবং ইন্টারনেটকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতিও দিয়েছে। অথচ নির্বাচনের দিন ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল হ্যান্ডসেট ব্যবহার নিষিদ্ধ করার সিদ্ধান্ত সেই অঙ্গীকারের সঙ্গে সাংঘর্ষিক।
মহিউদ্দিন আহমেদের অভিযোগ, একই সঙ্গে মোবাইল ব্যাংকিং লেনদেন সীমিত করার সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক। এর ফলে জরুরি যোগাযোগ, আর্থিক লেনদেন, ক্ষুদ্র ব্যবসা পরিচালনা ও সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে।
ভোটকেন্দ্রের পরিস্থিতি পর্যবেক্ষণ, তথ্য ধারণ ও দ্রুত সংবাদ সংগ্রহের ক্ষেত্রে মোবাইল হ্যান্ডসেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম উল্লেখ করে তিনি বলেন, নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুতগতির ইন্টারনেটসমৃদ্ধ হ্যান্ডসেট ব্যবহারের সুযোগ থাকা প্রয়োজন। নিষেধাজ্ঞার মাধ্যমে সে সুযোগ সংকুচিত করা হলে স্বচ্ছতা ও তথ্যপ্রবাহ ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হবে।
বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অবিলম্বে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে নাগরিকবান্ধব ও বাস্তবসম্মত ব্যবস্থা গ্রহণের জন্য নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানানো হয়েছে।













