আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা নকলমুক্ত ও সুশৃঙ্খলভাবে আয়োজনের পাশাপাশি খাতা মূল্যায়নে কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। আজ সোমবার (৬ এপ্রিল) ময়মনসিংহে শিক্ষাবোর্ডের কেন্দ্রসচিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, সারা দেশে পরীক্ষা স্বচ্ছ পরিবেশে আয়োজন করা হবে। খাতা মূল্যায়নে কোনো পরীক্ষকের বিরুদ্ধে অনিয়ম বা গাফিলতির অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
মন্ত্রী জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে আয়োজনের পাশাপাশি খাতা মূল্যায়নে নির্ধারিত নীতিমালা কঠোরভাবে মানতে হবে। মূল্যায়নে পক্ষপাতিত্ব বা অবহেলা শিক্ষাব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলে। শিক্ষার্থীদের প্রকৃত মেধার সঠিক প্রতিফলন নিশ্চিত করতে পরীক্ষকদের দায়িত্বশীল আচরণ জরুরি।
নকলমুক্ত পরীক্ষা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীরা যেন নিজের যোগ্যতায় উত্তীর্ণ হতে পারে, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। পরীক্ষাকেন্দ্র ব্যবস্থাপনায় শৃঙ্খলা বজায় রাখার ওপরও গুরুত্ব দেয়া হয়েছে।
শিক্ষামন্ত্রী বলেন, পাবলিক পরীক্ষা সংক্রান্ত আইন যুগোপযোগী করতে উদ্যোগ নেয়া হয়েছে। এতে সরকারি নিয়োগ পরীক্ষাসহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁস, জালিয়াতি ও নকল রোধে ব্যবস্থা নেয়া যাবে।
তিনি অতীতের কিছু অনিয়মের কথা তুলে ধরে বলেন, কৃত্রিম সাফল্য দেখানোর প্রবণতা শিক্ষার মান নষ্ট করে। এ ধরনের চর্চা থেকে সরে এসে জবাবদিহিমূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে।
মন্ত্রী আরো বলেন, সরকারের ধারাবাহিক উদ্যোগে শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে। এক্ষেত্রে শিক্ষক, প্রশাসন ও সংশ্লিষ্টদের সমন্বিত কাজ প্রয়োজন।
মতবিনিময় সভায় স্থানীয় সংসদ সদস্য, বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।










