যশোরের অভয়নগরে ভৈরব নদে কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। গতকাল ভোরে উপজেলার ভাটপাড়ায় এমভি পূর্বাঞ্চল-৭ কার্গো জাহাজটি ডুবে যায়। ডুবে যাওয়ার সময় জাহাজে প্রায় ৮০০ টন কয়লা ছিল বলে দাবি আমদানিকারকের। মেসার্স জে এইচ এম গ্রুপ ইন্দোনেশিয়া থেকে ওই কয়লা আমদানি করে।
আমদানিকারক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ইন্দোনেশিয়া থেকে আমদানি করা প্রায় ৮০০ টন কয়লা বড় জাহাজে করে মোংলা বন্দরের হাড়বাড়িয়ায় আনা হয়। সেখান থেকে ৪ জানুয়ারি এমভি পূর্বাঞ্চল-৭-এ কয়লা আনা হয়।
এমভি পূর্বাঞ্চল-৭-এর মাস্টার মফিজুর রহমান জানান, ৫ জানুয়ারি থেকে জাহাজটি ভাটপাড়া খেয়াঘাটের পাশে ভৈরব নদে নোঙর করা ছিল। সোমবার রাতে নদে ভাটা ছিল। এ সময় কার্গো জাহাজটি কাত হয়ে যায়। জাহাজে পানি উঠতে থাকায় ধীরে ধীরে তা তলিয়ে যায়।
আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জে এইচ এম গ্রুপের বিক্রয় কর্মকর্তা জগদীশ চন্দ্র মণ্ডল বলেন, ‘ভৈরব নদে কয়লাবোঝাই কার্গো জাহাজ কাত হয়ে তলিয়ে গেছে। জাহাজে প্রায় ৮০০ টন কয়লা ছিল। কয়লা উদ্ধারের কাজ চলছে।’
এর আগে ১৫ ডিসেম্বর নওয়াপাড়ায় ভৈরব নদে কয়লাসহ আরো একটি লাইটার জাহাজডুবির ঘটনা ঘটে। এমভি আর রাজ্জাক নামের জাহাজটি নওয়াপাড়া সরদার মিল খেয়াঘাটসংলগ্ন নোঙর করা ছিল। জাহাজটিতে ৮২০ টন কয়লা ছিল। হাড়বাড়িয়া থেকে কয়লা নিয়ে নওয়াপাড়ায় সরদার মিল ঘাটে জাহাজটি নোঙর করে। ঘাটে লাগানোর সময় তলা ফেটে জাহাজে পানি ঢুকে তলিয়ে যায়।










