রাঙ্গামাটিতে প্রথমবারের মতো কারাবন্দিদের সঙ্গে আইনি সহায়তা প্রদানে বৈঠক করেছে লিগ্যাল এইড। সরকারি খরচে আইনগত সহায়তা ও পরামর্শ সেবার গুণগত মান বৃদ্ধি ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে রাঙ্গামাটি জেলা কারাগারে এ ব্যতিক্রমী কর্মসূচির উদ্যোগ নেয় জেলা লিগ্যাল এইড অফিস। গতকাল বিকাল ৩টায় আইনি সহায়তা প্রদানে প্রতিবন্ধকতা নিরসনে কারাবন্দি ও লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীদের অংশগ্রহণে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে আইনি সেবা প্রসঙ্গে বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো. জুনাইদ। এ সময় তিনি বলেন, সরকারের পক্ষে জাতীয় আইনগত সহায়তা সংস্থা কারাবন্দি ও সব নিপীড়িত মানুষকে আইনগত সহায়তার জন্য নিরলসভাবে কাজ করে চলেছে। 

এ সময় কারাবন্দিরা সরকারি খরচে আইনগত সহায়তা ও পরামর্শ পেতে ভোগান্তিসহ বিভিন্ন অভিযোগ ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। উপস্থিত লিগ্যাল এইডের প্যানেল আইনজীবীরা সরাসরি এসব প্রশ্নোত্তর দেন এবং ভবিষ্যতে আরো দায়িত্বশীলতার সঙ্গে লিগ্যাল এইড সেবা নিশ্চিত করার চেষ্টা করবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন। বৈঠকে রাঙ্গামাটি জেলা কারাগারের জেলার আতিকুল ইসলামের সভাপতিত্বে জাতীয় আইনগত সহায়তা সংস্থা রাঙ্গামাটির প্যানেল আইনজীবী হ্লাথোয়াই প্রু মারমা, মাকসুদা হক, সুস্মিতা চাকমা, সালিমা ওয়াহিদাসহ কারাবন্দিরা উপস্থিত ছিলেন।