বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য, বিনিয়োগ ও পারস্পরিক সহযোগিতা আরো বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন স্পিকার। একই সঙ্গে রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাষ্ট্রকে আরো কার্যকর ভূমিকার আহ্বান জানিয়েছেন তিনি।
স্পিকার বলেন, মুক্তিযুদ্ধের সময় থেকেই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের অগ্রযাত্রা শুরু হয়। তিনি স্মরণ করেন, সে সময়ে যুক্তরাষ্ট্রের কূটনীতিক আর্চার কেন্ট ব্লাড বাংলাদেশের পক্ষ নিয়ে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তার মতে, বর্তমানে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সরকারের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এখন নতুন একটি পর্যায়ে পৌঁছেছে।
স্পিকার বলেন, দেশে সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশের জনগণ সবসময় স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করেছে। তিনি মনে করেন, গণতন্ত্রের পথেই বাংলাদেশ প্রকৃত সমৃদ্ধি অর্জন করতে পারে।
বৈঠকে উভয় পক্ষই যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশী পণ্যের শুল্কমুক্ত সুবিধার বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ বৃদ্ধি, জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক আরো জোরদার করা, সংসদীয় ককাস ফোরামে গণতন্ত্র দিবস উদযাপন, বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারে যুক্তরাষ্ট্রের সহযোগিতা এবং চলমান জ্বালানি সংকট মোকাবেলায় দেশে তেল ও গ্যাসক্ষেত্র অনুসন্ধানের বিষয়েও আলোচনা হয়।
এ সময় স্পিকার বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের পরিস্থিতি সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বানও জানান তিনি।
রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন জাতীয় সংসদের স্পিকার হিসেবে নির্বাচিত হওয়ায় হাফিজ উদ্দিন আহমদকে অভিনন্দন জানান।
সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধিদলের সদস্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।









