পার্বত্য চট্টগ্রামে প্রধান সামাজিক অনুষ্ঠান বৈসাবির অন্যতম পর্ব মারমা জনগোষ্ঠীর সাংগ্রাই জলোৎসব। গতকাল রাঙ্গামাটির বেতবুনিয়ায় এ জলোৎসবের (জলকেলি) মধ্য দিয়ে শেষ হয়েছে এবারের বৈসাবি উৎসবের আনুষ্ঠানিকতা। এদিন কাউখালী উপজেলার বেতবুনিয়া উচ্চবিদ্যালয় মাঠে শুরু হয় সাংগ্রাই ‘জলকেলি’ উৎসব। এতে মারমা তরুণ-তরুণীরা দলবেঁধে জমায়েত হয় এবং নাচে-গানে উচ্ছ্বাসে মাতোয়ারা হয়ে পরস্পরের দিকে জল ছুড়ে উল্লাসে মেতে ওঠে।

‘পার্বত্য অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র জাতিসত্তার ঐতিহ্য সংরক্ষণ ও সংস্কৃতি বিকাশে এগিয়ে আসুন’ স্লোগানে মারমা সংস্কৃতি সংস্থা (মাসস) আয়োজিত সাংগ্রাই জল উৎসবে প্রধান অতিথি হিসেবে সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠানের উদ্বোধন করেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপংকর তালুকদার।