প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, ‘গণভোট নিয়ে মিথ্যাচার ও অপপ্রচার চালানো হচ্ছে। পলাতক ফ্যাসিবাদীরা দেশের মানুষকে বিভ্রান্ত করতে লুটপাটের টাকা খরচ করে পরিকল্পিত মিথ্যাচার করছে। জনগণকে সত্যটা জানানোর মধ্য দিয়ে মিথ্যাকে পরাভূত করতে হবে। চব্বিশের গণ-অভ্যুত্থানে হাজারো মানুষ প্রাণ দিয়েছেন, আলেম সমাজ, ছাত্র, আপামর জনতা নির্যাতিত-নিপীড়িত হয়েছেন। জুলাই সনদের প্রতিটি অক্ষর সেই শহীদদের রক্তেই রচিত হয়েছে। সেসব শহীদের রক্তের দায় আমরা যেন ভুলে না যাই।’
গতকাল চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজিত বিভাগীয় ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে বিভাগীয় প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এ সম্মেলনের আয়োজন করে।
চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার, ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, বাংলাদেশ পুলিশ চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আহসান হাবীব পলাশ। চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় কর্মরত ইমামরা সম্মেলনে অংশ নেন।
নবীন প্রজন্মের জন্য একটি ভবিষ্যৎ তৈরি করার দায়িত্ব আমাদের সবার উল্লেখ করে অধ্যাপক আলী রীয়াজ বলেন, ‘যে প্রতিশ্রুতি আমাদের মুক্তিযুদ্ধের মধ্যে ছিল, চব্বিশের গণ-অভ্যত্থানে ছিল, সেই ভবিষ্যতের বাংলাদেশ আমরা চাই কিনা তা নির্ধারণেই এবারের গণভোট।’
ফ্যাসিবাদী গোষ্ঠী গণভোটকে ঘিরে ব্যাপক অপপ্রচার চালাচ্ছে জানিয়ে বিশেষ অতিথি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার বলেন, ‘সেই ফ্যাসিস্টরা এখন লুটপাটের টাকায় মিথ্যাচার ছড়িয়ে, অপপ্রচার চালিয়ে জাতির ঘুরে দাঁড়ানোর প্রয়াসকে ব্যর্থ করে দিতে চাইছে।’
ইসলামী ফাউন্ডেশন চট্টগ্রামের পরিচালক সরকার সরোয়ার আলম, লালখান বাজার জামে মসজিদের খতিব ড. মুফতি হুমায়ুন কবীর অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানের প্রশ্নোত্তর পর্বে অতিথিরা গণভোট নিয়ে আলেমদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।










