ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় চোর সন্দেহে বাড়ি থেকে উঠিয়ে এনে রুবেল মিয়া (২৬) নামে এক যুবককে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত রোববার সকালে গৌরীপুর উপজেলার অচিন্ত্যপুর ইউনিয়নের অচিন্ত্যপুর বাজারে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় গত মঙ্গলবার ওই যুবকের বাবা নুর ইসলাম বাদী হয়ে অচিন্ত্যপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে গৌরীপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার অন্য আসামিরা হলেন দোকানদার আরসাদুল ইসলাম ও তার ভাই শফিক মিয়া।

গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন জানান, গত রোববার দুপুরে উপজেলার অচিন্ত্যপুর বাজারে আরসাদুলের দোকানে চুরির ঘটনা ঘটে। ওই দোকানে চুরির অভিযোগে সোমবার ভোরে আরসাদুলসহ আরো কয়েকজন রুবেলকে বাড়ি থেকে তুলে আনেন। পরে আরসাদুলের দোকানে নিয়ে ওই যুবককে বেঁধে ইলেকট্রিকের শক দেয় এবং পিটিয়ে অমানবিক নির্যাতন করেন। আরসাদুল ও তার ভাই শফিক এবং সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলামসহ আরো অনেকে মিলে রুবেলকে নির্যাতন করেছেন বলে অভিযোগ করা হয়েছে। নির্যাতনের পর বোকাইনগর ইউনিয়ন পরিষদের মেম্বর আজমল সালিশের মাধ্যমে দেড় লাখ টাকায় রফা করে রুবেলকে উদ্ধার করেন, পরে বিকালে বাড়ি নিয়ে আসে তার পরিবার।

গৌরীপুর থানার ওসি বোরহান উদ্দিন আরো জানান, নির্যাতিত যুবকের বাবা নুর ইসলাম বাদী হয়ে অচিন্ত্যপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে এরই মধ্যে অভিযান শুরু করেছে পুলিশ।