অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে ঝালকাঠি জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। গতকাল বেলা ১১টা থেকে এ ধর্মঘট শুরু হয়। এতে বন্ধ রয়েছে ঝালকাঠি থেকে আটটি রুটে বাস চলাচল।

রুটগুলো হলো ঝালকাঠি-বরিশাল, ঝালকাঠি-রাজাপুর, ঝালকাঠি-কাঁঠালিয়া, ঝালকাঠি-ভাণ্ডারিয়া, ঝালকাঠি-পিরোজপুর, ঝালকাঠি-মঠবাড়িয়া, ঝালকাঠি-পাথরঘাটা, ঝালকাঠি-আমুয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী। তিনি জানান, ঝালকাঠির বাস শ্রমিকদের সঙ্গে বরিশাল রূপাতলী বাস শ্রমিকদের মারামারির ঘটনায় এ ধর্মঘটের ডাক দেয়া হয়েছে।

সূত্র জানায়, সোমবার রাতে বিভিন্ন স্থান থেকে যাওয়া ঝালকাঠি পরিবহন মালিক সমিতির ৪৫টি বাস বরিশাল নগরীর রূপাতলী বাসস্ট্যান্ডে রাখা হয়। ওই রাতে রূপাতলী বাসস্ট্যান্ড থেকে ঝালকাঠি মালিক সমিতির বাসগুলোর চাকা ছিদ্র করে ব্যাটারি, তেলসহ যন্ত্রাংশ নিয়ে যায় থ্রি হুইলার শ্রমিকরা। এ নিয়ে দুই পক্ষের মারামারির ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদ ও বিচার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছেন বাস মালিক-শ্রমিকরা। বিষয়টি সুরাহা ও টার্মিনালে যানবাহনের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানান ঝালকাঠি জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বাহাদুর চৌধুরী।