দিনাজপুরের হাকিমপুর (হিলি) পৌরসভার চলতি ২০২১-২২ অর্থবছরের ২৩তম উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। গতকাল দুপুরে হাকিমপুর (হিলি) পৌরসভার সভাকক্ষে পৌর মেয়র জামিল হোসেন এ বাজেট ঘোষণা করেন। চলমান জলাবদ্ধতা নিরসন, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সড়ক সংস্কার ও নির্মাণ, বর্জ ব্যবস্থাপনা উন্নয়নসহ জনগণের সেবার মান বাড়ানোর লক্ষ্যে মোট ৩০ কোটি ৯৮ লাখ ৩১ হাজার ২৫১ টাকার এ বাজেট ঘোষণা করেন তিনি।
পৌর বাজেটে চলতি অর্থবছরের জন্য রাজস্ব আয় ধরা হয়েছে ১ কোটি ৪৮ লাখ ৩০ হাজার ৯৪৬ টাকা। বিভিন্ন সংস্থা থেকে উন্নয়ন বাবদ আয় ধরা হয়েছে ২৯ কোটি ৫০ লাখ ৩০৪ টাকা। বাজেটে ব্যয় ধরা হয়েছে ১ কোটি ৪৫ লাখ ২৬ হাজার ৩০৮ টাকা। এর মধ্যে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের জন্য ব্যয় ধরা হয়েছে ২৯ কোটি ৫০ লাখ ৩০৪ টাকা।
পৌর মেয়র জামিল হোসেন চলন্তের সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র ইয়াসমিন সরকার, শামীম সরদার, কাউন্সিলর অলক কুমার বসাক, ফারুক মল্লিক, ইমরান হোসেন দুলাল, বাবুল হোসেন, খোকন সরকার প্রমুখ।










