নেত্রকোনায় একটি পরিত্যক্ত ভবনের ছাদ ধসে তিন শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকাল পৌনে ৫টার দিকে জেলা সদরের ময়মনসিংহ সড়কের নাগড়া এলাকার বিএডিসি (সেচ) অফিস প্রাঙ্গণে এ দুর্ঘটনা ঘটে। নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন— আটপাড়া উপজেলার মাটিকাটা গ্রামের আব্দুস সালাম (৪০), সদর উপজেলার হাটখলা গ্রামের আব্দুল হান্নান (৪২) ও পলাশ হাটি গ্রামের দিপু মিয়া (৪০)। আহত সাইফুল ও হাসানকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও শ্রমিক নছু সর্দার বলেন, তারা ছয়জন একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি-সেচ) একটি পরিত্যক্ত ভবন অপসারণ করছিলেন। বিকাল পৌনে পাঁচটার দিকে ভাঙাভাঙির কাজ করা সময় হঠাৎ ভবনের গ্যারেজের অংশের ছাদ ধসে পড়ে। এ সময় পাঁচ শ্রমিক ছাদের নিচে চাপা পড়েন। খবর পেয়ে দমকল বাহিনী ও স্থানীয়রা উদ্ধার কাজে অংশ নেন।
নেত্রকোনা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার আজিজুর রহমান বলেন, তারা ঘটনাস্থলে তিনজনকে মৃত ও দুইজনকে আহত অবস্থায় পেয়েছেন। আহতদের এরইমধ্যে হাসপাতালে পাঠানো হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ বলেন, নিহতদের সুরতহাল প্রতিবেদন শেষে মর্গে পাঠানো হয়েছে। তাদের পরিবারের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন জানান, ভবন ভাঙার সময় শ্রমিকদের কারো সুরক্ষা সামগ্রী ছিল না। এ বিষয়ে মন্তব্যের জন্য বিএডিসি সেচ ভবনের কোনো কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।










