সুনামগঞ্জের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। একই সঙ্গে তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০টিরও বেশি অসহায় পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। বুধবার (২২ জুলাই) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সকালে সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের বন্যাদুর্গত লালপুর গুচ্ছগ্রাম এলাকা পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক। অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ জনেরও বেশি অসহায় মানুষের মধ্যে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
একই সময়ে বন্যাদুর্গত এলাকার চিকিৎসাসেবা বঞ্চিত মানুষের সুবিধার্থে বিজিবির পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ দেয়া হয়।
পরিদর্শনের সময় বিজিবি মহাপরিচালক জানান, দেশের সীমান্ত নিরাপত্তার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগ ও মানবিক বিপর্যয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম দায়িত্ব।
তিনি আরো জানান, জাতীয় যেকোনো সংকটময় মুহূর্তে জনগণের জীবন ও সম্পদ রক্ষা এবং মানবিক সহায়তা দিতে বিজিবি সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের মানুষের কল্যাণে বিজিবির উদ্ধার, ত্রাণ ও চিকিৎসাসহ সব ধরনের মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
—বিজ্ঞপ্তি










