রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে অভিনেত্রী ও মডেল রিধিকা রিধির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে একটি বাসা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

রিধিকা রিধি মডেলিংয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পরিচিতি পান। পরে অভিনয়েও কাজ শুরু করেন তিনি। কয়েকটি নাটকে অভিনয় করে দর্শকদের নজরে আসেন এ অভিনেত্রী।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বণিক বার্তাকে বলেন, আজ সকাল ৬টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে রিধিকে উদ্ধার করে পুলিশ। পরে দ্রুত হাসপাতালে নেয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

তিনি জানান, রিধিকার মৃত্যু আত্মহত্যাজনিত হতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে মৃত্যুর আগে তার সঙ্গে কী ঘটেছিল, সে বিষয়েও তথ্য সংগ্রহ করা হচ্ছে।