রাজধানী সবুজবাগে আদর্শ পাড়া বরইতলা এলাকায় ছুরিকাঘাতে মো. সাইফ উদ্দিন সিফাত (২৮) নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত সিফাতের নিজ বাসা দক্ষিণ যাত্রাবাড়ির ধোলাইপাড় এলাকায়। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
সিফাতকে হাসপাতালে নিয়ে আসা বন্ধু হাসান জানান, নেহা আক্তারের সঙ্গে জয় নামে একজনের প্রেমের সম্পর্ক ছিল। রোববার মোটরসাইকেল নিয়ে সিফাত নেহার সঙ্গে দেখা করতে যায়। বিষয়টি জয় দেখতে পান এবং ক্ষিপ্ত হয়ে আরো দুই থেকে তিনজন বন্ধু নিয়ে সিফাতের সঙ্গে কথা বলেন। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা সিফাতকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে তাকে মুগদা জেনারেল হাসপাতালে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিলে (ওসেকে) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।










