বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালকের পদত্যাগসহ তিন দফা দাবিতে প্রবাসী কল্যাণ ভবন অবরোধ করেছেন কোরিয়া যাওয়ার অপেক্ষায় থাকা কর্মীরা। আজ বুধবার (১৩ আগস্ট) দুপুর ১২টার দিকে মানববন্ধন শেষে তারা ভবনের প্রবেশ ও বাহির হওয়ার ফটক বন্ধ করে দিয়ে সামনের সড়কে অবস্থান নেন।
আন্দোলনকারী কর্মীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবরোধ চলবে।
আন্দোলনকারীরা বলেন, বোয়েসেল এবং এইচআরডি কোরিয়ার মাধ্যমে ইপিএস পদ্ধতিতে কোরিয়ায় কর্মী পাঠানো হয়। তাদের দাবি, বোয়েসেলের কর্মকর্তাদের অবহেলা ও অদক্ষতার কারণে চাহিদার চেয়ে অতিরিক্ত সার্কুলার দিয়ে রোস্টার করা হয়েছে, এতে আগেও হাজার হাজার রোস্টারভুক্ত কর্মী বাদ পড়েছেন এবং ভবিষ্যতেও আরো বাদ পড়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে রোস্টারভুক্ত ও ভিসা প্রত্যাশী প্রায় ২১ হাজার কর্মী দুই বছর ধরে অপেক্ষায় আছেন।
এর আগে, গত ২৯ এপ্রিল জাতীয় প্রেস ক্লাবের সামনে শান্তিপূর্ণ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেয়া হয়েছে। তবে তখনো বোয়েসেল ও রাষ্ট্রের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

প্রবাসী কল্যাণ ভবনের প্রবেশ ও বাহির হওয়ার ফটক বন্ধ করে সামনের সড়কে অবস্থান নেন আন্দোলনকারী কর্মীরা
আন্দোলনকারীদের তিন দফা দাবির মধ্যে রয়েছে— অবিলম্বে বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন, নির্বাহী পরিচালক মো. শওকত আলী, মহাব্যবস্থাপক এ. বি. এম আবদুল হালিম, সহকারী মহাব্যবস্থাপক (আইটি) মো. নূরুল ইসলাম (কিরন) এবং ইপিএস সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে পদত্যাগ করতে হবে; ইপিএস সংকট সমাধান ও ডিলেট হওয়া কর্মীদের পুনরায় রোস্টারভুক্ত করা, ব্যাচভিত্তিক সাল ও সিরিয়াল অনুযায়ী ভিসা ইস্যু বৃদ্ধি এবং ২১ হাজার কর্মীর ভিসা নিশ্চিত করতে রাষ্ট্রকে কূটনৈতিকভাবে সরাসরি হস্তক্ষেপ করতে হবে এবং বোয়েসেলের পুরনো অনিয়মের কাঠামো ভেঙে নতুনভাবে সংস্কার করতে হবে।










