জাতীয় নির্বাচন সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অপপ্রয়োগ এবং এর ফলে সৃষ্ট বিভাজন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, এআই-এর মাধ্যমে সহিংসতা ও বিদ্বেষমূলক বক্তব্য ছড়িয়ে দেশে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে, যা নিয়ন্ত্রণে সরকার বা নির্বাচন কমিশনের কার্যকর কোনো সদিচ্ছা বা উদ্যোগ দেখা যাচ্ছে না।

মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত 'গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য মুক্ত আলোচনা: ডিজিটাল অর্থনীতি ও উদ্যোক্তা প্রসঙ্গ' শীর্ষক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিজিএসের প্রেসিডেন্ট জিল্লুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আবদুল মজিদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইনস্যুরেন্স বিভাগের অধ্যাপক শহিদুল ইসলাম জাহিদ, ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের স্কুল অব বিজনেসের ডিন এম এ বাকী খলীলী। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান সবুর খান, রিকন্ডিশন্ড গাড়ি আমদানিকারকদের সংগঠন বারভিডার সাবেক সভাপতি আবদুল হক, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রির (বিসিআই) সাবেক সভাপতি শাহেদুল ইসলাম হেলাল, ঢাকা চেম্বারের (ডিসিসিআই) সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) চেয়ারম্যান জেবেল রহমান গানি। এ ছাড়া সিটি ব্যাংকের অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার তানহা কেট, উদ্যোক্তা আবিদা সুলতানা ও তাজমিন নাসরিন এবং সিজিএসের নির্বাহী পরিচালক পারভেজ করিম আব্বাসী বক্তব্য দেন।

জিল্লুর রহমান বলেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, সাধারণ নাগরিকের নিরাপত্তা, রাজনীতি, গণতন্ত্র—কোনোটার জন্যই কল্যাণকর নয়। মেরুকরণ ও বিভাজনের যে রাজনীতি আমরা এখন সমর্থন করছি, আমি বলব যে, রাষ্ট্র আসলে এটাকে সমর্থন করছে- সেখান থেকে আমরা কীভাবে বেরোব, সেটা নিয়ে আমার মধ্যে যথেষ্ট সংশয় আছে। সংকটগুলো যদি মোকাবেলা না করি, তাতে নির্বাচন হয়তো আমরা করতে পারব, তবে মুক্তি মিলবে কি না, সেটা নিয়ে যথেষ্ট সংশয়ের সুযোগ রয়েছে।

ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো অপপ্রচার বিশেষ করে নারী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের লক্ষ্যবস্তু করছে। ডিজিটাল নিরাপত্তা আইন পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করা হলেও এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। বিশেষ করে ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও টেলিফোনে আড়িপাতা রোধে এ আইন কতটুকু কার্যকর, সে সম্পর্কে জনগণ অন্ধকারে রয়েছে।

তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক দলগুলো যদি তাদের ইশতেহারে ডিজিটাল সুরক্ষা ও ব্যক্তিগত গোপনীয়তার বিষয়ে সুনির্দিষ্ট অঙ্গীকার না করে এবং কার্যকর পদক্ষেপ না নেয়, তাহলে ২০২৪ সালের আগস্টের মতো আবার দেশ ছেড়ে পালানোর মতো ঘটনা ঘটতে পারে।

প্রযুক্তির ইতিবাচক দিক তুলে ধরে দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ডিজিটাল পদ্ধতির প্রসারের মাধ্যমেই দুর্নীতি নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রীয় দক্ষতা বৃদ্ধি সম্ভব। সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে এবং সেবামূলক লেনদেনে ডিজিটাল মাধ্যম এরই মধ্যে ইতিবাচক ভূমিকা রেখেছে। সুশাসন প্রতিষ্ঠায় এই ব্যবস্থার আরও আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রয়োজন।