রাজশাহীর পুঠিয়ায় দুটি বিদেশী পিস্তল ও গুলিসহ আল আমিন (২৪) নামের এক যুবক গ্রেফতার হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার সাধুরমোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতার আল আমিন জেলার চারঘাট উপজেলার চকমোক্তারপুর সরকারপাড়ার আলাউদ্দিনের ছেলে। র‍্যাব-৫ জানায়, পুঠিয়ার সাধুরমোড় ঈদগাহ মাঠের দক্ষিণ পাশে পাকা রাস্তার ওপর অবস্থান করছিলেন ওই যুবক। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‍্যাবের মোল্লাপাড়া ক্যাম্প সদস্যরা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বিক্রির উদ্দেশ্যে এসব আগ্নেয়াস্ত্র নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেন ওই যুবক। তার বিরুদ্ধে পুঠিয়া থানায় মামলা হয়েছে।