মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে গতকাল সিরিজের দ্বিতীয় টি২০ ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যাওয়ার আগে লড়াই ছিল সমানে সমান। স্বাগতিক দলের সংগ্রহ ছিল ১১ ওভারে ২ উইকেটে ৭২ রান। 

মাউন্ট মঙ্গানুইয়ের স্থানীয় সময় রাত ৮টায় বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। পরিস্থিতির উন্নতি হচ্ছিল না। কার্টেল ওভারে খেলা শুরুর সর্বশেষ সময় ছিল স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিট। যদিও সে সম্ভাবনা কম থাকায় রাত ৯টা ৫৫ মিনিটে আম্পায়াররা অফিশিয়ালি ম্যাচের সমাপ্তিরেখা টেনে দেন। 

তবে এ নিয়ে ভাবার কিংবা বিশ্রামের খুব বেশি সময় নেই দুই দলের ক্রিকেটারদের। আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৬টায় একই মাঠে শুরু হয়ে যাচ্ছে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ। দ্বিতীয় ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় এটা নিশ্চিত হয়ে গেল, বাংলাদেশের সিরিজ হারের কোনো সুযোগ নেই। নিউজিল্যান্ড জিতলেও সিরিজটা ১-১-এ ড্র হবে। অর্থাৎ ট্রফিতে অন্তত একটি হাত পড়ছে বাংলাদেশ দলনায়কের।  

মাউন্ট মঙ্গানুইয়ে গত বছর টেস্ট জিতে ইতিহাস গড়ে বাংলাদেশ। মুমিনুল হকের নেতৃত্বাধীন দলটির সেই জয় ছিল যেকোনো ফরম্যাটে নিউজিল্যান্ডের মাঠে বাংলাদেশের প্রথম জয়। সেই মাঠে গতকাল সিরিজ জয়ের আশা নিয়ে দ্বিতীয় টি২০ ম্যাচে কিউইদের মুখোমুখি হয় বাংলাদেশ। টস জিতে বোলিং বেছে নেন বাংলাদেশ দলনায়ক নাজমুল হোসেন শান্ত। যদিও বৃষ্টির বাগড়ায় টসের মতো ম্যাচটিও জেতা হলো না তাদের। 

দ্বিতীয় ওভারেই সাফল্য পায় উজ্জীবিত বাংলাদেশ দল। ফিন অ্যালেনকে (৫ বলে ২ রান) ফিরিয়ে দেন পেসম্যান শরিফুল ইসলাম। এক্সট্রা কভারে রিশাদ হোসেন তার ক্যাচ নেন। যদিও পরে টিম সেইফার্টের মারমুখী ব্যাটিংয়ে চাপ থেকে বেরিয়ে যায় স্বাগতিকরা। সেইফার্টের ঝড়ো ব্যাটিংয়ে কিউইরা ৬ ওভারেই তুলে নেয় ১ উইকেটে ৫৪ রান। আগ্রাসী এ ব্যাটারকে অবশেষে থামান তানজিম হাসান সাকিব। মিড-অফে তার ক্যাচটি দুর্দান্তভাবে নেন অধিনায়ক শান্ত। আউট হওয়ার আগে ২৩ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৪৩ রান করেন সেইফার্ট।  

এরপর আইপিএলে ১৪ কোটি রুপিতে বিক্রি হওয়া ডানহাতি ব্যাটার ড্যারিল মিচেল ও হার্ডহিটার গ্লেন ফিলিপস হাল ধরেন। তারা ২২ বলে ১৪ রানের পার্টনারশিপ গড়ে অবিচ্ছিন্ন ছিলেন। মিচেল ২৪ বলে ১৮ ও ফিলিপস ১৪ বলে ৯ রানে ব্যাট করছিলেন। শরিফুল ও সাকিব ১টি করে উইকেট নেন। তবে বল হাতে সবচেয়ে বেশি নিয়ন্ত্রণ ছিল লেগস্পিনার রিশাদ হোসেনের। তিনি ৩ ওভারে ১০ রান দিয়েছেন, কোনো বাউন্ডারি হজম করেননি।    

নিউজিল্যান্ডের মাঠে প্রথমবারের মতো টি২০ ম্যাচ জয়ের পর এবার সিরিজ জয়েরও সুযোগ এসেছে বাংলাদেশের সামনে। যদিও দ্বিতীয় ম্যাচ বৃষ্টিতে পণ্ড হওয়ায় অপেক্ষা বাড়ল শান্তদের।