নওগাঁর পোরশায় বাঁশের আঘাতে ইউনুস আলী নামে এক ব্যক্তিকে হত্যার মামলায় আসামি মফিজ উদ্দিনকে (৬৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে নগদ ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে দুই বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গতকাল দুপুরে নওগাঁ দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ এ রায় দেন। ২০১৯ সালের ৮ ফেব্রুয়ারি ইউনুস আলী জ্যাকেটের চেইন লাগানোর জন্য মফিজ উদ্দিনের দোকানে যান। মফিজ উদ্দিন মজুরি হিসাবে ৩০ টাকা দাবি করলে ইউনুস আলী ২০ টাকা দিতে চান। এ নিয়ে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে মফিজ উদ্দিন বাঁশ দিয়ে ইউনুস আলীর মাথায় আঘাত করেন।