জাতিসংঘের সদর দপ্তরে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা ড. অধ্যাপক মুহাম্মদ ইউনূস। গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘের সাধারণ অধিবেশনের ফাঁকে তাদের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়। নানা বিষয়ে আলোচনার পর তিনি তাদের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের একটি সংকলন ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ উপহার দেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস


এ ছাড়া অনুষ্ঠানে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিংহ রূপুন এবং জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কসহ অন্যদের সঙ্গে কুশল বিনিময় করেন অধ্যাপক ইউনূস।


ক্লিনটনকে ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ দেখান ড. মুহাম্মদ ইউনূস

এদিন অধ্যাপক মুহাম্মদ ইউনূস মঙ্গলবার নিউইয়র্কে ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভের মঞ্চে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তিনি জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার দেয়ালে শিক্ষার্থীদের আঁকা বর্ণিল ও বৈচিত্র্যময় গ্রাফিতি চিত্রের একটি সংকলন ‘দ্য আর্ট অব ট্রায়াম্ফ’ উপহার দেন ক্লিনটনকে।