রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে। শুধু আজ নয়, দেশের বিভিন্ন এলাকায় আগামী তিনদিন বৃষ্টি, বজ্রসহ বৃষ্টির আবার কোথাও শিলাবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরে আবহাওয়া অধিদপ্তর সূত্রে এ তথ্য পাওয়া গেছে। মূলত কালবৈশাখীর কারণেই এ বৃষ্টি হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। কিছু এলাকায় বিক্ষিপ্ত শিলাবৃষ্টিরও আশঙ্কা রয়েছে। তবে দেশের অন্য অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।
শুক্রবার (২১ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের কিছু এলাকায় বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
আর শনিবার (২২ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা রংপুরসহ আগের দিনের মতোই বেশ কয়েকটি বিভাগে বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন দেশের দিন ও রাতের তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।










