ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে আজ স্বাগতিক ভারতের সামনে নিউজিল্যান্ড। চলতি আসরে একমাত্র অপরাজিত দল হিসেবে শেষ চারে উঠেছে ভারত। টেবিলের এক নম্বর দলের সঙ্গে চারের লড়াই। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্যালারিতে থাকছে নীল ঢেউ। সব মিলিয়ে সেমিফাইনালে রোহিত শর্মার দলই ফেভারিট হিসেবে নামছে।
যদিও ইতিহাস কিউইদের পক্ষে। বিশ্বকাপের হেড-টু-হেডে এগিয়ে তারা। গত বছর ইংল্যান্ডের ওল্ড ট্র্যাফোর্ডে সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল দুটি দল, যাতে ভারতকে ১৮ রানে হারিয়ে ফাইনালের টিকিট পায় কেন উইলিয়ামসনের দল। এবারের আসরে দুর্বার ছুটে চলা ভারত হোমগ্রাউন্ডে আজ কি সেই হারের বদলা নেবে? নাকি আবার হাসবে কিউইরা?
বাংলাদেশ সময় বেলা আড়াইটায় শুরু হবে প্রথম সেমিফাইনালের লড়াই। আগামীকাল কলকাতায় আরেক সেমিতে লড়বে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। আগামী রোববার আহমেদাবাদে ফাইনাল।
বিশ্বকাপে নিউজিল্যান্ডই কর্তৃত্ব করে এসেছে। চলতি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ৪ উইকেটে হারায় ভারত। অস্ট্রেলিয়া, পাকিস্তান, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো বড় দলকে গুঁড়িয়ে দেয়া ভারত একমাত্র কিউইদের সামনে পরীক্ষার মুখে পড়ে। ধর্মশালায় সেদিন বিরাট কোহলির ৯৫ রানের লড়াকু ইনিংস জেতায় স্বাগতিকদের।
বিশ্বকাপ লড়াইয়ে ৯ ম্যাচের মধ্যে ৫টি জিতে এগিয়ে ছিল কিউইরা, ভারতের জয় ছিল ৩টি আর একটি ম্যাচ ছিল ফলহীন। এবার ঘরের মাঠে জিতে ব্যবধান কমিয়ে ৪-৫ করেছে রোহিত শর্মার দল। আজ স্বাগতিকদের ৫-৫ করার সুযোগ। তাদের ব্যর্থতায় কিউইরা এগিয়ে যাবে ৬-৪-এ।
২০১৯ বিশ্বকাপে লড়াইয়ের পর তিনবার ওয়ানডে সিরিজে মুখোমুখি হয় দুটি দল। ২০২০ ও ২০২২ সালে নিউজিল্যান্ড নিজেদের মাঠে দুটি ওয়ানডে সিরিজ যথাক্রমে ৩-০ ও ১-০-তে জিতে যায়। ২০২৩ সালে ভারত নিজেদের মাঠে ৩-০-তে সিরিজ জিতে নেয়। আর বিশ্বকাপের রাউন্ড রবিন লিগের ম্যাচও জিতেছে রোহিতের দল। সব মিলিয়ে সর্বশেষ চার ম্যাচের চারটিতেই জিতেছে বলে আজ মনস্তাত্ত্বিকভাবে বেশ এগিয়ে থাকবে স্বাগতিকরা।
ভারতীয়দের জন্য অস্বস্তির নাম হতে পারে ওয়াংখেড়ের পিচ। মধ্য নভেম্বরের প্রখর রোদে আরব সাগর-তীরবর্তী এ মাঠে বাতাসের দেখা মেলে। চার বছর আগে ওল্ড ট্র্যাফোর্ডেও ঠিক একই রকম বাতাস ছিল। এ বাতাসে উড়ে গিয়েছিল বিরাট কোহলিদের স্বপ্ন। তাই তো ২৪০ রানের টার্গেটও ছোঁয়া হয়নি তাদের। ট্রেন্ট বোল্ট আর ম্যাট হেনরির গোলা কাঁপিয়ে দিয়েছিল ভারতীয় তারকাখচিত ব্যাটিং লাইনআপকে।
বাকিদের ব্যর্থতায় এমএস ধোনি (৫০) আর রবীন্দ্র জাদেজার (৭৭) লড়াই বিফলেই যায়। ওল্ড ট্র্যাফোর্ডের সেই হারের বদলা নেয়ার বিষয়টি নিশ্চিতভাবেই মনে রেখে আজ মাঠে নামবেন ১১ ভারতীয়।
আফগানিস্তানের বিপক্ষে গ্লেন ম্যাক্সওয়েল-বীরত্ব বাদ দিলে ওয়াংখেড়েতে এবার কোনো দল পরে ব্যাট করে জেতেনি। ফ্লাডলাইটের নিচে ওয়াংখে়ড়েতে ব্যাট করা কঠিন। কিউই ফাস্ট বোলার লোকি ফার্গুসন মনে করেন, টসে হার কিংবা জয় যা-ই হোক, তা মেনে নিতে হবে তাদের। তিনি বলেন, ‘ব্যাটিং কিংবা বোলিং যা-ই আসুক না কেন, সেভাবে আমাদের পরিকল্পনা করতে হবে। পরিকল্পনা বাস্তবায়ন করা গুরুত্বপূর্ণ।’
বিশ্বকাপে কিউইদের বিপক্ষে ভারতের রেকর্ড ভালো নয়। ২০ বছর পর এবার প্রথম আইসিসি ইভেন্টে নিউজিল্যান্ডকে হারায় ভারত। আজ টানা দ্বিতীয়বারের মতো সেমিতে মুখোমুখি দুই দল। এ ম্যাচ নিয়ে ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বলেন, ‘রেকর্ড নিয়ে ভেবে লাভ নেই। তবে হ্যাঁ, বুধবার এ নিউজিল্যান্ডকে হারানো সহজ হবে না। দেখুন, আমি বিশ্বাস করি যে ম্যাচটা কঠিন হবে। কিন্তু শেষে গিয়ে হয়তো ভারত জিতবে।’
সাবেক নিউজিল্যান্ড তারকা রস টেলর কিউইদের পক্ষে বাজি ধরলেন। তিনি বলেন, ‘চার বছর আগে ফর্মে থেকেই সেমিফাইনালে উঠেছিল ভারত। এবার স্বাগতিক হিসেবে তারা আরো শক্তিশালী, গ্রুপ পর্বেও অসাধারণ খেলেছে। কিন্তু যখন হারানোর কিছু থাকে না, তখন নিউজিল্যান্ড বিপজ্জনক দল। ভারত যদি কোনো দলকে মোকাবেলা করতে গিয়ে স্নায়ুচাপে ভোগে, সেটি নিউজিল্যান্ড।’
আজ দুই দলের ট্রাম্প কার্ড হতে পারেন জসপ্রীত বুমরাহ কিংবা ট্রেন্ট বোল্ট। বুমরাহই ভারতকে দুর্ধর্ষ এক দলে পরিণত করেছেন। তাকে ছাড়া গত বছর টি২০ বিশ্বকাপে সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরেছে ভারত। এবার লক্ষ্ণৌতে সেই বুমরাহর আগুনে পুড়েছে ইংলিশরা। ভারত জিতেছে ১০০ রানে। ৯ ম্যাচে ১৭ উইকেট নিয়ে চার্টের পাঁচে বুমরাহ। তাকে যোগ্য সঙ্গে দিচ্ছেন মোহাম্মদ শামি (৫ ম্যাচে ১৬ উইকেট) ও মোহাম্মদ সিরাজ (৯ ম্যাচে ১২ উইকেট)।
স্পিনার মিচেল স্যান্টনার ১৬ উইকেট নিয়ে কিউইদের মধ্যে এগিয়ে থাকলেও বড় ম্যাচের খেলোয়াড় ট্রেন্ট বোল্ট আজ ব্যবধান গড়ে দেয়ার সামর্থ্য রাখেন। ৯ ম্যাচে ১৩ উইকেট বোল্টের নামের সঙ্গে ঠিক মানানসই নয়। হয়তো সেমিফাইনালের জন্যই নিজের সেরাটা জমা রেখেছেন এ বামহাতি গতিদানব।
দুই দলের মধ্যে যেমন গতির লড়াই হবে, ঠিক তেমনি ব্যাটের লড়াইও জমবে বেশ। বিরাট কোহলি ২ সেঞ্চুরি ও ৫ ফিফটিসহ ৫৯৪ রান করে চার্টের শীর্ষে। ওপেনার রোহিত শর্মা ৫০৩ রান করে চারে। ভারতের শীর্ষ ছয় ব্যাটারের চারজনই এবার সেঞ্চুরি করেছেন। নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভূত রাচিন রবীন্দ্র ৯ ম্যাচে ৩ সেঞ্চুরিতে ৫৬৫ রান করে কিউইদের স্বপ্ন দেখাচ্ছেন। এছাড়া ড্যারিল মিচেল করেছেন ৪০৪ রান ও ডেভন কনওয়ের ব্যাট থেকে আসে ৩৭৩ রান। আজ বুমরাহ, শামির ইয়র্কার, সুইং ও কুলদীপ যাদবের ঘূর্ণির মোকাবেলা করার কঠিন চ্যালেঞ্জের মুখে পড়বেন কিউইরা।










