বগুড়ার ধুনট উপজেলায় নিখোঁজ হওয়ার পাঁচদিন পর ধানক্ষেত থেকে নারী ইউপি সদস্য রেশমা খাতুনের (৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলা মথুরাপুর ইউনিয়নের কুড়িগাতী গ্রামের ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ওই নারী ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য ও গোবিন্দপুর গ্রামের ফরিদুল ইসলামের স্ত্রী।
বগুড়ার ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৃপা সিন্ধু বালা বলেন, স্থানীয় লোকজন ও নিহতের স্বামী মরদেহ শনাক্ত করেছেন। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার শেষে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন অর রশিদ সেলিম বলেন, গতকাল বিকালে কুড়িগাতী এলাকার স্থানীয় লোকজন ধানক্ষেতের পাশে ঘাস কাটতে যান। এ সময় তারা ধানক্ষেতের ভেতর এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়। বিকাল সাড়ে ৫টার দিকে ধানক্ষেত থেকে রেশমার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহতের স্বামী ফরিদুল ইসলাম জানান, রেশমা খাতুন গত শনিবার বিকালের দিকে চিকিৎসার জন্য শেরপুর যাওযার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর ফিরে আসেনি। আত্মীয়স্বজনের বাড়ি খোঁজ নিয়েও তাকে পাওয়া যায়নি। তবে স্ত্রী পাঁচদিন ধরে নিখোঁজ হলেও এ ঘটনায় থানায় কোনো সাধারণ ডায়েরিও করেননি তিনি।










